ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৭, ৭ জুন ২০২৬

আশুগঞ্জে ৬৩ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৬৩ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ থানার শরিয়তনগর চরচারতলা এলাকার ফেরিঘাট ট্রাক মালিক সমিতির অফিসসংলগ্ন একটি কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জানায়, সকালে আশুগঞ্জ উপজেলার উজানভাটি রেস্তোরাঁর সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি নীল-কালো রঙের মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো মতে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৩ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মো. সোহান মিয়া (২৬), পিতা-মৃত মোবারক হোসেন এবং মো. শাহাদৎ হোসেন জুবায়ের (২৪), পিতা-ফুল মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের এবং জব্দকৃত আলামত আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়