আই নিউজ ডেস্ক
চাঁদ দেখা গেছে, শনিবার ঈদুল ফিতর উদযাপন
ছবি: সংগৃহীত
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজার জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়, যা পরে দেশের বিভিন্ন স্থান থেকেও নিশ্চিত করা হয়।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সেখানে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এছাড়া আফগানিস্তান, মালি ও নাইজারেও বৃহস্পতিবার ঈদ পালিত হয়েছে।
রাজধানীসহ সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে শুরু করে ঢাকার জাতীয় ঈদগাহ—সবখানেই এখন ঈদের জামাতের অপেক্ষা।
জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এ প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এ জামাত আয়োজন করা হচ্ছে।
ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
অন্যদিকে, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ঈদুল ফিতরের ১৯৯তম জামাত শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে এবং সার্বক্ষণিক নজরদারি রাখা হবে।
সব মিলিয়ে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মুসলিম উম্মাহ শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে উদযাপন করবে পবিত্র ঈদুল ফিতর।
ইএন/এসএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























