রুপম আচার্য্য
চা বাগানের পাশে চায়ের কাপে আড্ডা, জীবিকার গল্প আর সবুজের মায়া
সাদ্দামের চায়ের দোকান। ছবি: ফেসবুক
সবুজে ঘেরা চা বাগান, দূরে পাহাড়ি টিলা, আর তার পাশ দিয়ে চলে যাওয়া শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক। প্রকৃতির এমন মনোমুগ্ধকর পরিবেশের মাঝেই দাঁড়িয়ে আছে টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটি চায়ের দোকান। বাইরে থেকে সাধারণ মনে হলেও, এই দোকানটিই যেন পথচলতি মানুষের ক্লান্তি দূর করার এক নির্ভরতার জায়গা। দোকানটির মালিক সাদ্দাম নিজেই প্রতিদিন দোকান পরিচালনা করেন। আর এই ছোট্ট চায়ের দোকানের আয় দিয়েই চলছে তার পুরো সংসার।
চা বাগানের পাশে সাদ্দামের ছোট্ট দোকানে জমে ওঠে দেশি-বিদেশি পর্যটকদের ভিড়
ভোরের আলো ফোটার পর থেকেই দোকানে আসতে শুরু করেন স্থানীয় মানুষ, পর্যটক, চা প্রেমী তরুণ-তরুণীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, কেউবা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, আবার কেউ শুধু এক কাপ গরম চায়ের স্বাদ নিতে এখানে ভিড় জমান। দিন শেষে প্রায় শতাধিক কাপ চা বিক্রি হয় সাদ্দামের দোকানে।
চা বিক্রেতা সাদ্দাম জানান, চায়ের প্রতি মানুষের ভালোবাসাই তাকে প্রতিদিন নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে। তিনি বলেন, “অনেক মানুষ দূর-দূরান্ত থেকে এখানে আসে। কেউ শুধু চা খেতে, কেউ ছবি তুলতে, আবার কেউ চা বাগানের পাশে কিছুটা সময় কাটাতে। সবাইকে ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করি।”
এই দোকানের বিশেষ আকর্ষণ হলো চা তৈরির ভিন্নধর্মী পদ্ধতি। প্রতিটি কাপে চায়ের সঙ্গে একটি কাঁচা চা পাতা দিয়ে পরিবেশন করেন সাদ্দাম। এতে চায়ের স্বাদ ও ঘ্রাণে যেন যোগ হয় ভিন্ন মাত্রা। অনেক পর্যটকের কাছেই বিষয়টি নতুন ও আকর্ষণীয় মনে হয়।
দোকানের সামনে বসে চা পান করতে করতেই চোখে পড়ে সারি সারি সবুজ চা গাছ। হালকা বাতাসে দুলতে থাকা পাতার শব্দ আর ধোঁয়া ওঠা চায়ের কাপ যেন এক অনন্য আবহ তৈরি করে। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে অনেকেই এখানে কিছুটা সময় কাটাতে ভালোবাসেন।
স্থানীয় কয়েকজন তরুণ সুমিত, শিপলু, রাজিব, শীবু ও শিমুল জানান, বন্ধুদের সঙ্গে আড্ডার জন্য এই জায়গাটি এখন তাদের প্রিয় ঠিকানা হয়ে উঠেছে। বিশেষ করে বিকেলের দিকে এখানে জমে ওঠে প্রাণবন্ত পরিবেশ। চায়ের কাপ হাতে গল্প, হাসি আর প্রকৃতির সৌন্দর্য মিলিয়ে সময় কাটে অন্যরকম অনুভূতিতে।
দেশি-বিদেশি পর্যটকরাও এই দোকানে এসে মুগ্ধ হন। অনেকেই চা বাগানের পাশের এই সাধারণ অথচ নান্দনিক পরিবেশকে ক্যামেরাবন্দি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই দেখা যায় সাদ্দামের দোকানের ছবি ও ভিডিও।
ছোট্ট একটি টিনের দোকান হলেও, এটি এখন শুধু চা বিক্রির স্থান নয়; বরং শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের পাশে গড়ে ওঠা এক টুকরো প্রাণের আড্ডাখানা। যেখানে এক কাপ চায়ের সঙ্গে মিশে থাকে প্রকৃতির সৌন্দর্য, মানুষের গল্প আর জীবিকার সংগ্রামের এক বাস্তব চিত্র।
- কেএফসির মালিকের জীবন কাহিনী
- প্রজাপতি: আশ্চর্য এই প্রাণীর সবার ভাগ্যে মিলন জোটে না!
- বিশ্বের অদ্ভুত কিছু গাছের ছবি
- মা-শাশুড়িকে হারিয়েও করোনার যুদ্ধে পিছিয়ে যাননি এই চিকিৎসক
- যেখানে এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!
- তিন রঙের পদ্মফুলের দেখা মিলবে এই বিলে
- সোনার দাম এত কেন : কোন দেশের সোনা ভালো?
- ঢাকার মাঠ মাতানো বিদেশি ফুটবলাররা
- ২০২৩ সালে পৃথিবীর শক্তিশালী ১০টি দেশ!
- রহস্যময় গ্রামটি লাখো পাখির সুইসাইড স্পট
























