ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৬, ৯ মে ২০২০
আপডেট: ১৮:০০, ৯ মে ২০২০

বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নিতে ‘বন্দে ভারত মিশন’ শুরু

এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়া

করোনাভাইরাস মহামারীর কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিতে ‘বন্দে ভারত মিশন’ নামক বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে- ভারত।

এরই অংশ হিসেবে শনিবার (৯ মে) বাংলাদেশ থেকে দ্বিতীয় দিনের মতো ১২৯ জন ভারতীয় নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান।

দুপুর ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ভারতীয় দলটির ঢাকা ছাড়ার তথ্য নিশ্চিত করেছে ভারতীয় হাইকমিশন।

এর আগে শুক্রবার (৮ মে) প্রথম ফ্লাইটে ঢাকার  বাংলাদেশে অবস্থান করা ১৭০ জন ভারতীয় শিক্ষার্থী ঢাকা ছাড়েন। এরা সবাই ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত।

করোনার মধ্যে বাংলাদেশে আটকা পড়াদের দেশে ফেরাতে সাতটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ভারত।ফ্লাইটগুলো যথাক্রমে ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ মে ঢাকা ছেড়ে যাবে।

ভারতীয় হাইকমিশন জানায়, ভারত সরকার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনাভাইরাস মহামারীর কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিতে ‘বন্দে ভারত মিশন’ নামক বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে।

এই ভারতীয় নাগরিকদের মধ্যে অনেকেই রয়েছেন যারা চাকরি, পড়াশোনা/ইন্টার্নশিপ, পর্যটন, ব্যবসা ইত্যাদি বিভিন্ন কারণে লকডাউনের আগে বিভিন্ন দেশে গিয়েছিলেন। এছাড়াও রয়েছেন অন্যান্য ভারতীয় নাগরিক, যাদের চিকিৎসা সংক্রান্ত জরুরী পরিস্থিতি বা পরিবারের সদস্যের মৃত্যুজনিত কারণে ভারত সফর অনিবার্য।

হাইকমিশনের বার্তায় জানানো হয়, বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ৮ মে ২০২০ থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে।

প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইট ভারতীয় নাগরিকদের শ্রীনগর (৮, ১২ ও ১৩ মে), দিল্লি (৯ ও ১১ মে), মুম্বাই (১০ মে) এবং চেন্নাই (১৪ মে) নিয়ে যাবে। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ জন যাত্রী বহন করা হবে।

প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আটকে পড়া শিক্ষার্থীদের শ্রীনগরে ফিরিয়ে নেয়া হবে। হাই কমিশন এই শিক্ষার্থীদের সাথে নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করে এবং এই কঠিন পরিস্থিতিতে সর্বোচ্চ উদারতার সাথে পাশে থাকা মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষদের ঘনিষ্ঠ সহযোগিতায় খাদ্য, বাসস্থান, অর্থ ইত্যাদি বিভিন্ন বিষয় সমাধান করেছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়া ভারতীয় নাগরিকদের প্রথম দলটিকে বিদায় জানান এবং তাদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফেরার শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার বিদেশে ভারতীয় নাগরিকদের কল্যাণে ভারত সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তরুণ শিক্ষার্থীরা ঈদের আগে বাড়ি ফিরতে পারায় হাই কমিশনার সন্তোষ প্রকাশ করেন।

এ সময় রীভা গাঙ্গুলী শিক্ষার্থীদের ভারতে পৌঁছানোর পর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন।

এইচকে/ আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়