ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ১২ মে ২০২০

চীন থেকে আনা ৮ মিলিয়ন মাস্ক ব্যবহার করবে না কানাডা

চীন থেকে আমদানি করা প্রায় ৮ মিলিয়ন এন-৯৫ মাস্ক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। হেলথ কানাডার নিজস্ব মানদণ্ডে উত্তীর্ণ না হওয়ায় বিপুল পরিমাণ মাস্ক ব্যবহার করতে অসম্মতি জানিয়েছে দেশটি।

মন্ট্রিয়ল ভিত্তিক একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ১১ মিলিয়ন এন-৯৫ মাস্ক নিয়েছিল ফেডারেল সরকার। স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পাঠানোর আগে নিয়ম অনুসারে মাস্কগুলোর গুণগত মান পরীক্ষা করে হেলথ কানাডা। কিন্তু পরীক্ষায় সেগুলো অকার্যকর প্রমাণিত হয়।

হেলথ কানাডার নিজস্ব মানদণ্ডে উত্তীর্ণ হলেই কেবল যে কোনো চিকিৎসা সামগ্রী তারা ব্যবহার করতে দেয়। মাস্কের ক্ষেত্রেও তাদের একই নীতি। ১১ মিলিয়ন মাস্কের মধ্যে ৮ মিলিয়নই হেলথ কানাডার গুণগত মানের পরীক্ষায় কার্যকর প্রমাণ করতে পারেনি। ফলে এই মাস্কগুলো তারা ব্যবহার করতে দিতে রাজি হয়নি। মাত্র ১ মিলিয়ন মাস্ক হেলথ কানাডার স্ট্যান্ডার্ডে হয়েছে। সেগুলো স্বাস্থ্যকর্মীদের কাছে পাঠানো হয়েছে। বাকিগুলোর পরীক্ষা চলছে।

চীন থেকে আনা এন- ৯৫ মাস্ক যে কানাডীয়ান মানদণ্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়নি- সেই তথ্যটি সরকার নিজ থেকেই জনগণকে জানিয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও প্রকাশ্যে এ নিয়ে কথা বলেছেন। সরকারের কোনো পর্যায়ে কোনো ধরনের লুকোচুরির চেষ্টা হয়নি।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার জানিয়েছেন, এই মাস্কগুলো অন্য কোনও ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে কর্মকর্তারা আমদানিকারদের সঙ্গে কথা বলছেন।

তিনি বলেন, ফ্রন্ট লাইন ওয়ার্কারদের এই মাস্ক দেওয়ার পরিকল্পনা ছিল; তবে এর মান ঠিক নেই। এসব মাস্কের জন্য চীনকে কোনও অর্থ দেওয়া হবে না।

ট্রুডো বলেন, আমাদের স্বাস্থ্যকর্মীদের কাছে এগুলো পৌঁছানোর আগেই আমরা সব মাস্ক পরীক্ষা করছি। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে কোনও আপস করা হবে না।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়