ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৬, ২৫ মে ২০২০
আপডেট: ০২:৫৩, ২৫ মে ২০২০

বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে ৫ টি

ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সোমবার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।২৪ শে মে,রবিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।এরপর প্রতি এক ঘণ্টা পর পর আরও ৩টি জামাত অনুষ্ঠিত হবে। সর্বশেষ জামাতটি চতুর্থ জামাতের ৪৫ মিনিট পর।

ইতোমধ্যে ঈদের জামাতের জন্য ইমাম ও মুকাব্বিররও ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন।এর আগে ঈদুল ফিতর উদযাপনের জন্য সোমবারের দিন স্থির করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে,ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ কারি কাজী মাসুদুর রহমান।দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।এই জামাতের ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।ঈদের দিন সকাল ১০টায় হবে চতুর্থ জামাত। এ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।এ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান।এ পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গায় আদায় না করতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।এ ছাড়া মসজিদে জামাতে ঈদের নামাজ আদায়ের পর কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করারও অনুরোধ জানিয়েছে।ধর্ম মন্ত্রণালয় ১৪ মে এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দিয়েছে।

একই সঙ্গে ঈদের নামাজের জামাতে আসা মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসা,মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার না করা,ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়ানো এবং এক কাতার অন্তর অন্তর কাতার করাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়