ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ২৫ মে ২০২০

আজ থেকে ভারতে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু

করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাস বন্ধ ছিল ভারতের অভ্যন্তরীণ বিমান চলাচল । নতুন নিয়ম নিয়ে অবশেষে ২৫ মে থেকে মহারাষ্ট্রসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ফের চালু হয়েছে বিমান চলাচল।

রোববার স্থানীয় বিমান সংস্থা ও রাজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদ্বীপ পুরী। এরপরেই টুইটারে তিনি জানান, অনেক চেষ্টার পর বিমান চলাচল শুরু করতে রাজি হয়েছে রাজ্যগুলো। সোমবার থেকেই শুরু হচ্ছে এ কার্যক্রম।

এর আগে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছিল ভারত । তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্ধ্র প্রদেশে এখনই বিমান চলাচল শুরু হচ্ছে না।

বিমান চলাচল চালু করায় মূলত আপত্তি ছিল ভারতে করোনা সংক্রমণের হটস্পট মহারাষ্ট্র, আম্ফান-বিধ্বস্ত পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশের। নানাভাবে বোঝানোর পর অবশেষে রাজি হয়েছে মহারাষ্ট্র। অন্ধ্রে এ সেবা শুরু হবে আগামীকাল থেকে।

পশ্চিমবঙ্গে আগামী ২৮ মে থেকে বিমান চলাচল করবে কলকাতা ও বাগডোগরা থেকে। ত্রিপুরা জানিয়েছে, যেহেতু তাদের সব বিমানই কলকাতার সঙ্গে যুক্ত, তাই সেখানে না শুরু হওয়া পর্যন্ত তারা এটি চালু করতে পারছে না।

অন্যদিকে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। দেশটির ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। সাড়ে তিন হাজারের বেশি মানুষ মারা গেছেন। বিশেষজ্ঞরা বলছেন বিমান চলাচল শুরু করায় সংক্রমণ বৃদ্ধি পেতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়