ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ২৮ মে ২০২০

আমার বন্দি কবুতরটি ছেড়ে দিন: মোদিকে পাক নাগরিকের আবেদন

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত অধিকৃত কাশ্মীরে পুলিশের হাতে সোমবার সন্দেহভাজন একটি কবুতর ধরা পড়ে। আটক করা কবুতরটি ফিরিয়ে দেয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন এক পাকিস্তানি নাগরিক। কবুতরটি এখন ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে রাখা হয়েছে বলে জানা গেছে।

এই কবুতরটির মালিক পাকিস্তানি নাগরিক হাবিবুল্লাহ। তিনি ভারত সীমান্ত থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে পাকিস্তান শাসিত কাশ্মীরের এক গ্রামে বসবাস করেন। তিনি জানান, ঈদ উৎসব উদযাপনের সময় কবুতরটি ছেড়ে দিয়েছিলেন তিনি।

ভারতের পুলিশ জানিয়েছে, কবুতরের পায়ে একটি রিং পরানো আছে এবং সেখানে একটি সংকেত লেখা আছে। তারা এই সংকেতের অর্থ উদ্ধার করার চেষ্টা করছে। তবে কবুতরটির মালিক বলছেন এই কোড বা সংকেত আসলে তার মোবাইল ফোন নম্বর।

পাকিস্তানের ইংরেজি সংবাদপত্র ডন- এ প্রকাশিত এক খবরে জানা যায়, হাবিবুল্লাহর আরো প্রায় এক ডজন কবুতর রয়েছে। ডন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে হাবিবুল্লাহ জানিয়েছেন, তার কবুতরটি আসলে শান্তির প্রতীক। ভারতের নির্দোষ একটি পাখিকে এভাবে দোষী বানানোর কাজ বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

গত সোমবার ভারত শাসিত কাশ্মীরের এক গ্রামের লোকজন এই কবুতরটি আটক করে। এরপর তারা এটি পুলিশের হাতে তুলে দেয়।

কাশ্মীর অঞ্চলটি নিয়ে মারাত্মক বিরোধ রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুটি দেশই এই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে। এছাড়া কাশ্মীরের দখল নিয়ে বেশ কয়েকটি যুদ্ধও হয়েছে দুই দেশের মধ্যে।

জানা গেছে, পাকিস্তান থেকে ভারতে উড়ে যাওয়া কোনো কবুতর নিয়ে এরকম সমস্যা এটাই প্রথম নয়। এর আগে, ২০১৫ সালের মে মাসে ভারতে সীমান্তের কাছে একটি সাদা কবুতরকে আটক করা হয়েছিল। ১৪ বছর বয়সী একটি ছেলে সেই কবুতরটিকে খুঁজে পায়।

একইভাবে ২০১৬ সালের অক্টোবর মাসে আরেকটি কবুতরকে আটক করা হয় ভারতে। ওই কবুতরটির সঙ্গে পাওয়া যায় একটি চিরকুট যেখানে ভারতীয় প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া হয়েছিল বলেও জানা গেছে।

সূত্র- বিবিসি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়