ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪, ২ জুন ২০২০
আপডেট: ১১:৪৬, ২ জুন ২০২০

বিক্ষোভের ছবি তুলতে গিয়ে চোখ হারালেন সাংবাদিক

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভের ছবি তুলতে গিয়ে পুলিশের ছোড়া রাবার বুলেটে চোখ হারিয়েছেন এক ফটোসাংবাদিক।

দুর্ঘটনার শিকার ওই নারী ফ্রিল্যান্স ফটোসাংবাদিকের নাম লিন্ডা টিরাদো । বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।

টিরাদো জানান, শনিবার তিনি মিনেপোলিসের রাস্তায় বিক্ষোভের সংবাদ কাভার করতে গিয়েছিলেন। হঠাৎ পুলিশের দিক থেকে আসা একটি রাবার বুলেট তার বাঁ চোখে এসে লাগে। 

বিক্ষোভকারীরা তাকে সহায়তায় এগিয়ে আসে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চোখে অস্ত্রোপচার করা হয়েছে।

দুই সন্তানের জননী ৩৭ বছর বয়সী টিরাদো পরে টুইটারে জানিয়েছেন, রাবার বুলেটের আঘাতে বাঁ চোখের আলো তিনি স্থায়ীভাবে হারিয়ে ফেলেছেন। তার ভাষায়- “ওই মুহূর্তে মনে হয়েছিল আমার মুখ বিস্ফোরণে উড়ে গেছে।”

অস্ত্রোপচার করে তার চোখ থেকে গুলি বের করা হলেও চিকিৎসকেরা জানিয়েছেন, ওই চোখে তিনি আর দেখতে পাবেন না। তবে এক চোখের জ্যোতি হারালেও এটাকে ক্যারিয়ার শেষ বলছেন না টিরাদো।

“এটা আমার ফটোগ্রাফি চোখ না। তাই ক্যারিয়ারও শেষ হচ্ছে না। আমি এখনো ফুল ও সূর্য ডোবা দেখতে পাই।”

এই বিক্ষোভে টিরাদোর মতো আরো অনেক সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে মিনেপোলিসে ওমর জিমেনেস নামে এক সাংবাদিককে গ্রেপ্তারের ঘণ্টাখানেক পর ছেড়ে দেওয়া হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়