ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ৮ জুন ২০২০
আপডেট: ০২:২১, ৯ জুন ২০২০

করোনামুক্ত দেশের তালিকায় নিউজিল্যান্ড

করোনামুক্ত হয়ে উঠেছে নিউজিল্যান্ড। দেশটিতে সংক্রমণ শুরুর ১০১ দিন পর করোনার হাত থেকে রক্ষা পেয়েছে দেশটি।

দেশটিতে আর একজনও কোভিড-১৯ রোগী নেই বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড।

তিনি বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে প্রথমবার একজনও আক্রান্ত না থাকা অবশ্যই আমাদের জন্য অনেক বড় মাইলফলক। তবে আগেও যেটা বলেছি, করোনার বিরুদ্ধে চলমান সতর্কতা অব্যাহত থাকবে।’

দেশটির জনসংখ্যা প্রায় ৪৯ লাখ। এর মধ্যে আক্রান্ত হয়েছেন মাত্র ১ হাজার ৫০৪ জন আর মারা গেছেন ২২ জন।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই দেশটিতে টানা সাত সপ্তাহ ছিল কড়া লকডাউন। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর গত মাসে তুলে নেয়া হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা।

এর আগে গত ২৭ মে নিউজিল্যান্ডের হাসপাতাল থেকে শেষ করোনা রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে তখন বাড়িতে ২১ জন চিকিৎসাধীন ছিলেন ।

এরপর প্রায় দুই সপ্তাহ নতুন করে কেউ আক্রান্ত হয়নি দেশটিতে। ফলে প্রথম রোগী শনাক্তের মাত্র সাড়ে তিন মাসের মধ্যেই পুরোপুরি করোনামুক্ত হলো নিউজিল্যান্ড।

করোনার রোগীর সংখ্যা শূন্যে নেমে আসায় সবধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিতে পারেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। আজ রাতে তার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়