ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ১১ জুন ২০২০

করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষার ঘোষণা দিল মডার্না

প্রথম ও দ্বিতীয় ধাপের সফলতার পর করোনাভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক জায়ান্ট কোম্পানি মডার্না। কোম্পানিটি জানিয়েছে, আগামী জুলাই মাসে চূড়ান্ত ধাপে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে।

যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজের ম্যাসাচুসেটসভিত্তিক বায়োটেক এই কোম্পানি বলছে, গবেষণার প্রাথমিক লক্ষ্য হলো নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ কে প্রতিরোধ করা। দ্বিতীয় লক্ষ্য হবে গুরুতর রোগ প্রতিরোধ করা। যাতে মানুষকে হাসপাতাল থেকে দূরে রাখা যায়। 

বৃহস্পতিবার (১১ জুন) চূড়ান্ত পরীক্ষার কথা ঘোষণার পরেই মার্কিন এই কোম্পানির শেয়ারের দাম ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মডার্না বলছে, শেষ ধাপের পরীক্ষায় ভ্যাকসিনটির প্রত্যেক ডোজের জন্য ১০০ মাইক্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। এ মাত্রার ডোজের হিসেবে বছরে ৫০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার জন্য প্রস্তুতি আছে।

তবে তারা জানিয়েছে, তাদের অংশীদার সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি লোঞ্জার সঙ্গে আগামী বছরের শুরুর দিক থেকে যৌথভাবে বছরে এক বিলিয়ন ডোজ উৎপাদন করা যাবে।

কোম্পানিটি বলছে, শরীরে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা এবং পার্শ্বপ্রতিক্রিয়া একেবারে সর্বনিম্ন পর্যায়ে কমে আনার লক্ষ্যে ১০০ মাইক্রোগ্রাম ডোজ নির্ধারণ করা হয়েছে। মডার্না বলছে, তৃতীয় ধাপের এই পরীক্ষা শুরুর জন্য পর্যাপ্তসংখ্যক ভ্যাকসিন ইতোমধ্যে উৎপাদন করা হয়েছে।

মাঝ পর্যায়ের পরীক্ষায় ৩০০ সুস্থ বয়স্ক স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়; যাদের বয়স ১৮ থেকে ৫০ এবং তদুর্ধ্ব। তাদের প্রত্যেককে একটি করে ডোজ দেয়া হয়েছে।

বয়স্কদের দেহে এই ভ্যাকসিনের পরীক্ষা চালানো বেশি ঝুঁকির। কারণ ভ্যাকসিনটির পার্শ্বপ্রতিক্রিয়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন এই বয়স্করা।

মাঝ পর্যায়ের পরীক্ষায় সুরক্ষা এবং প্রাথমিক কার্যকারিতা নিশ্চিত হওয়ার জন্য ভ্যাকসিনের দুটি ডোজ ২৮ দিনের ব্যবধানে দেয়া হয়। যাদের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে তাদের আগামী এক বছরের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়