ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ১২ জুন ২০২০
আপডেট: ১৯:৩৫, ১২ জুন ২০২০

মানচিত্র বদলাবো না, ভারতকে নেপালের সাফ কথা

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গয়ালি

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গয়ালি

কোনো অবস্থাতেই মানচিত্র বদলানো হবে না বলে ভারতকে সাফ জানিয়ে দিয়েছে নেপাল। লিপুলেখ গিরিপথ, লিম্পিয়াধুরা ও কালাপানিকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখিয়ে সম্প্রতি নতুন মানচিত্র প্রকাশ করেছে দেশটি। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। তবে তা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকার কথা জানিয়ে দিলো নেপাল।

সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নেপালের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গয়ালি।

তিনি বলেন, গত ২ নভেম্বর জম্মু-কাশ্মীর নিয়ে নিজেদের মানচিত্র বদল করেছে ভারত। এরপরেই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এটা স্থায়ী সিদ্ধান্ত কারণ ওই এলাকাগুলো নেপালের মধ্যেই পড়ে। এ নিয়ে কোনো ধরণের অনিশ্চয়তা নেই। তবে কোন এলাকা নেপালের মধ্যে পড়ছে, সেটি নিয়ে আলোচনা হওয়া দরকার বলে জানান তিনি।

এর আগে গত মে মাসে বিতর্কিত ওই মানচিত্র প্রকাশ করে নেপাল। সম্প্রতি লিপুলেখ গিরিপথ থেকে কৈলাস-মানস সরোবরে যাওয়ার পথ পর্যন্ত একটি রাস্তার উদ্বোধন করেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এতে প্রতিবাদ জানায় নেপালের সরকার। উদ্বোধনের ঘটনার পরেই বিতর্কিত ওই মানচিত্র প্রকাশ করে তারা।

নেপালের এই পদক্ষেপে তীব্র আপত্তি জানায় ভারত। এমনকি এই পদক্ষেপের পেছনে চীনের উস্কানি থাকতে পারে বলেও ইঙ্গিত দেয় দেশটি। ফলে ২ দেশের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পায়।

পরবর্তীতে মানচিত্রের বিষয়ে পররাষ্ট্র সচিব স্তরে আলোচনার প্রস্তাব দেয় নেপাল। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দিল্লির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভারতের কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গয়ালি। তিনি বলেন, পররাষ্ট্র সচিব স্তরে আলোচনা করতে ভারতকে চিঠি দিয়েছিলাম আমরা। তবে এখনো পর্যন্ত তার উত্তর পাইনি। তবে কূটনৈতিক স্তরে আলোচনা করতে দুই দেশের দূতাবাসের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।

করোনা সংকটের মধ্যেই গত এক মাস ধরে লাদাখ সীমান্তে চীনের সেনাবাহিনী ও ভারতীয় সেনার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তে উত্তেজনা প্রশমন করতে দুই দেশের সেনাবাহিনী স্তরে কথাবার্তা শুরু হয়েছে। এ প্রসঙ্গে গয়ালি প্রশ্ন তুলে বলেন, ভারত যদি চীনের সঙ্গে আলোচনা করতে পারে তবে নেপালের সঙ্গে আলোচনায় বসতে সমস্যা কোথায়।

লিপুলেখ গিরিপথ ও কৈলাস-মানস সরোবরের মধ্যে রাস্তা তৈরি নিয়ে নেপালের আপত্তির পিছনে চীনের উস্কানি রয়েছে কি না প্রশ্নটি সরাসরি খারিজ করে দেন গয়ালি। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে নেপালই একমাত্র দেশ, যা কখনো বিদেশি ঔপনিবেশিকদের হাতে ওঠেনি। ভারত এবং চীন দুই প্রতিবেশী দেশের সঙ্গেই আমাদের সুসম্পর্ক রয়েছে। কারো মুখের ওপরই দরজা বন্ধ করে দিতে পারে না নেপাল।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়