ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ১৩ জুন ২০২০
আপডেট: ১২:৪১, ১৩ জুন ২০২০

চারটি দেশের হজে অংশ না নেয়ার সিদ্ধান্ত

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই। এমন পরিস্থিতিতে এবারের হজ নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সৌদি আরব। তবে চারটি দেশ এরই মধ্যে হজে অংশ নিচ্ছে না বলে ঘোষণা দিয়েছে।

জুলাই মাসের শেষে এ বছরের হজ অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে হজে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনাই।  

করোনা সংক্রমণ বাড়ার আশংকায় মালয়েশিয়া তার নাগরিকদের ওপর এ বছর হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমি আশা করি হজে যেতে আগ্রহীরা ধৈর্য ধারণ করবেন ও সরকারের এই সিদ্ধান্ত মেনে নেবেন।  ফলে দেশটির এ বছরের জন্য নির্বাচিত ৩১ হাজার ৬০০ মানুষের হজযাত্রা বাতিল হতে পারে।

এর আগে গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া এ বছর নিজের নাগরিকদের হজযাত্রা বাতিল করে। এর ফলে দেশটির ২ লাখ ২১ হাজার মানুষের হজযাত্রা বাতিল হয়।

ব্রুনাই ও সিঙ্গাপুরও এমন সিদ্ধান্ত নিয়েছে। ব্রুনাই সরকারের এ সংক্রান্ত সিদ্ধান্ত বর্নিও বুলেটিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। 

সেখানে বলা হয়েছে, সৌদি সরকার এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় ব্রুনাই হজযাত্রীদের আগে নিবন্ধিত হওয়া সত্ত্বেও আসন্ন হজের প্রস্তুতি বাতিল করেছে।

ফিনেন্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, করোনা মহামারির কারণে ইতিহাসের এই প্রথমবারের মতো হজ বাতিলের সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে সৌদি আরব। ১৯৩২ সালে বর্তমান সৌদি ক্ষমতা প্রতিষ্ঠার পর প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হলো দেশটি। আগামী  এক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়