ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৬, ১৫ জুন ২০২০

চীনে নতুন করে করোনার হানা, একদিনেই আক্রান্ত ৫৭

চীনে একবার করোনা আক্রান্তের সংখ্যা শূন্য হওয়ার পরেও আবারও ফিরে আসতে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছিল, সেটাই সত্যি হতে চলেছে। দেশটিতে আবারও করোনার হানা, একদিনেই ৫৭ জন নতুন আক্রান্তের সন্ধান মিলল।

এপ্রিলে করোনামুক্ত ঘোষণা হওয়ার পর এক দিনে এটাই চীনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। আক্রান্ত এলাকায় নতুন করে জারি হয়েছে লকডাউনের নির্দেশনা।

চীনের জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে নতুন আক্রান্ত ৫৭ জনের মধ্যে ৩৬ জনই বেজিংয়ের বাসিন্দা। তাঁরা সবাই দক্ষিণ বেজিংয়ের একটি মাংস ও সব্জি বাজার লাগোয়া বিভিন্ন এলাকার বাসিন্দা। দু’জন নতুন আক্রান্তের সন্ধান মিলেছে উত্তর-পূর্বের লিয়াওনিং প্রদেশে। তবে তারা বেজিংয়ের আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন। বাকি আক্রান্তরা বিদেশ থেকে ফিরেছেন বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য প্রশাসন।

দেশের অভ্যন্তরে নতুন করে কী ভাবে আক্রান্ত হলেন, তা নিয়েই দুশ্চিন্তা বেড়েছে বেইজিংয়ের। কারণ, তাঁদের কেউ কোনও আক্রান্তের সংস্পর্শে এসেছেন, এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি।  কোনও খাবার থেকে তাঁরা সংক্রমিত হতে পারেন— এমন আশঙ্কাও রয়েছে। তাই শুরু হয়েছে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা। নতুন করে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ  কার্যকর হয়েছে ওই বাজার এলাকায়।  আক্রান্ত এলাকার বাসিন্দাদের ঘর থেকে বাইরে বেরনো নিষিদ্ধ ঘোষণা করে নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি ওই এলাকার নাগরিকদের তালিকা ধরে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হচ্ছে। ওই বাজারে যারা গিয়েছিলেন, তাদেরও টেস্ট করা হচ্ছে। শহরের প্রায় সব মার্কেটের উপর শুরু হয়েছে নজরদারি ও পরীক্ষা-নিরীক্ষা।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মাস্ক, গ্লাভস পরা কয়েকশো পুলিশ অফিসার এবং প্রচুর আধাসামরিক বাহিনী ওই বাজারে মোতায়েন করা হয়েছে। পিপিই, মাস্ক, গ্লাভস পরে টহল দিচ্ছেন তারা। বেংজিং মার্কেট নজরদারি কর্তৃপক্ষ নতুন করে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত গাইডলাইন জারি করেছেন। হিমায়িত কাটা মাংস, পোল্ট্রি, মাছ  বাজার, বিভিন্ন খাদ্যদ্রব্যের গুদাম ও সরবরাহকারী সংস্থার অফিসে তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। এ ছাড়া হাইস্কুল ও নার্সারি স্কুলগুলি খোলার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।  নিষেধাজ্ঞা জারি হয়েছে খেলাধুলা, পার্টি, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের উপরেও।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ সারা বিশ্বে ছড়িয়েছিল। টানা ৭৮ দিন  কঠোর লকডাউনের পর এপ্রিলের মাঝামাঝি উহানকে করোনামুক্ত ঘোষণা করে চীন। তবে মাসখানিক পরিআবারও উহানে নতুন একটি করোনা আক্রান্তের সন্ধান মেলে। সেটাও প্রায় নিয়ন্ত্রণে এসে গিয়েছিল। কিন্তু নতুন করে আবারও সন্ধান মিলেছে খোদ রাজধানীতেই। এতে স্বাভাবিকভাবেই চীনের কপালে আবারও ভাঁজ পড়েছে।

 

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়