ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ১৮ জুন ২০২০

বিশ্বের ৮ কোটি মানুষ বাস্তুহারা, দ্বিগুণ হওয়ার আশঙ্কা

বিশ্ব জুড়ে সহিংসতা ও নিপীড়নের কারণে বাস্তুহারাদের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে সারা বিশ্বের ৮ কোটি মানুষ এখন বাস্তুহারা যা এক দশকের মধ্যে বেড়ে দ্বিগুণ হতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন- ইউএনএইচসিআর ।

বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মোট জনসংখ্যার ১ শতাংশের বেশি মানুষ এখন বাস্তুহারা। অর্থাৎ ২০১৯ সালের শেষ দিক পর্যন্ত বিশ্বের প্রতি ৯৭ জনের একজন বসত ভিটাহীন অবস্থায় জীবন-যাপন করছে। সিরিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র এর মধ্যে উল্লেখযোগ্য বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইউএনএইচসিআরের প্রধান ফিলিপো গ্রান্দি এএফপিকে বলেন, “বিশ্ব জনসংখ্যার এক শতাংশ মানুষ তাদের বাসস্থানে ফিরে যেতে পারছে না। কেননা ওসব জায়গায় যুদ্ধ, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য সহিংসতা বিরাজ করছে।”

গত বছরের শেষ দিক পর্যন্ত রেকর্ড ৭ কোটি ৯৫ লাখ মানুষ শরণার্থী, আশ্রয়প্রার্থী বা তথাকথিত নিজ দেশে বাস্তুহারা হিসেবে বাস করছে। বাস্তুহারাদের সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ৯০ লাখ।

২০১২ সাল থেকে বাস্তুহারাদের সংখ্যা বাড়ছে। প্রতি বছরই সেই সংখ্যা আগের বছরের তুলনায় বাড়ছে। অধিক সংঘাত, সহিংসতা মানুষকে গৃহহারা করছে।

গ্রান্দি জানান, ১০ বছর আগে বিশ্বজুড়ে বাস্তুহারাদের সংখ্যা ছিল প্রায় ৪ কোটি। বর্তমানে তা দ্বিগুণ হয়ে পড়েছে- “এটা মূলত দ্বিগুণ হয়ে পড়েছে। বাড়ার এই প্রবণতা কমার কোনো লক্ষণ আমরা দেখছি না।”

২০২১ সালে বাস্তুহারাদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে বলে জানাচ্ছে ইউএনএইচসিআর। এই নিয়ে ইউএনএইচসিআরে প্রধান বলছেন, “আন্তর্জাতিক সম্প্রদায় খুবই বিভক্ত, শান্তি নিশ্চিতে অপারগ। এই দুর্ভাগ্যক্রমে এই পরিস্থিতি বাস্তুহারাদের সংখ্যা বাড়ার প্রবণতা থামাতে পারবে না। আগামী বছরটা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। এই বছরের চেয়ে পরিস্থিতি আরও খারাপ হবে।”

বাস্তুহারাদের নিয়ে সবশেষ এই প্রতিবেদনে বলা হয়েছে, ৪ কোটি ৬০ লাখ মানুষ নিজ দেশে বাস্তুহারা। ২ কোটি ৬০ লাখ মানুষ দেশ ছেড়ে উদ্বাস্তু জীবনযাপন করছে। আর ৪ কোটি ২০ লাখ মানুষ শরণার্থী হওয়ার চেষ্টা করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়