ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব

প্রকাশিত: ১২:১০, ২০ জুন ২০২০

কলকাতার রাস্তায় শি চিনপিংকে ‘ফাঁসি’

লাদাখ সীমান্তে চীনা সেনার হামলায় ২০ সেনা নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ ভারতীয়রা। চীনা পণ্য বয়কটের ডাক দেয়াসহ পোড়ানো হয়েছে দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংয়ের কুশপুত্তলিকাও।

এবার কলকাতায় প্রতীকী ফাঁসি দেয়া হলো চিনপিংকে। সীমান্ত সংঘাতের জন্য চীনা প্রেসিডেন্টকেই দায়ী করছেন বিক্ষুব্ধরা।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, দেশটির মানুষের 'মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের' তালিকায় উঠে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। বিভিন্ন শহরে কোথাও পোড়ানো হচ্ছে তার কুশপুতুল, কোথাও বা হচ্ছে শেষকৃত্য। আর এবার কলকাতার রাজপথে তাকে প্রকাশ্যে 'ফাঁসি' দেওয়া হল!

শুক্রবার বউবাজারে প্রতিবাদ জানিয়ে শি জিনপিংয়ের প্রতীকী ফাঁসি দিয়ে বিক্ষোভ করে ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস (আইএনটিটিইউসি)।

বিক্ষোভকারীদের হাতে ছিল চীন বিরোধী প্ল্যাকার্ড। দেখা গেছে 'শেম, শেম', 'চীনা প্রেসিডেন্টকে ফাঁসি দিতে হবে' এর মতো স্লোগান। আর সেখানেই ফাঁসির মঞ্চে 'নকল' চিনপিংকে ফাঁসি দেওয়া হল।

এর আগে চীনা প্রেসিডেন্টকে প্রতীকী শেষকৃত্যও দেয় বিক্ষোভকরীরা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের কানপুরে স্থানীয় বাসিন্দারা চিনপিংয়ে শেষকৃত্য করেন।

চীনকে উচিত শিক্ষা দিতে দেশবাসী যেখানে চীনা পণ্য বয়কটের ডাকে সোচ্চার, ভারত সরকার তখন দেশে চীনা সংস্থাগুলির বিনিয়োগে কড়া নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে।

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এবং এমটিএনএলকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ফোর-জি পরিষেবা উন্নতি করতে কোনও চীনা সংস্থাকে কাজ না দেয়। এর জন্য প্রয়োজনে সংস্থাগুলোকে তাদের দরপত্রের শর্ত সংশোধন করতেও বলা হয়েছে। উল্লেখ্য, হুয়াউই এবং জেডটিই এই দুই চীনা সংস্থা পূর্ব, উত্তর-পূর্ব এবং জম্মু-কাশ্মীরে বিএসএনএল নেটওয়ার্ক ব্যবস্থার সবচেয়ে বড় সরবরাহকারী।

টেলিকমের পর রেলেও চীনা সংস্থার অংশগ্রহণ বাতিলের পথে হাঁটছে সরকার। বৃহস্পতিবার ভারতীয় রেল কর্মকর্তা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় রেলের শাখা সংস্থা ডেডিকেটেড ফ্রেইট করিডর (কেবল পণ্য পরিবহণের জন্য রেলপথ) কর্পোরেশন অব ইন্ডিয়াও চীনের বেইজিং ন্যাশনাল রেলওয়ে রিসার্চ অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট অব সিগন্যাল অ্যান্ড কমিউনিকেশন গ্রুপকে দেওয়া ৪৭১ কোটি রুপি বরাত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়