ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব

প্রকাশিত: ১১:৩১, ২৪ জুন ২০২০

সীমান্তে ৪০ সেনা নিহতের খবরকে ‘ফেইক নিউজ’ বলল চীন

গালওয়ান সীমান্তে সংঘর্ষে ৪০ চীনা সেনা সদস্য নিহত হওয়ার ভারতীয় সংবাদমাধ্যমের খবরকে ‘ফেইক নিউজ’ বলে মন্তব্য করেছে বেইজিং।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সীমান্ত সংঘর্ষে অন্তত ৪০ জন চীনা সেনা নিহত হওয়ার খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘আমি আপনাকে দায়িত্বের সঙ্গে বলতে পারি যে, এ তথ্য সঠিক নয়।’

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সামরিক কমান্ডিং অফিসার স্তরে আলোচনার পর সীমান্তে উত্তেজনা প্রশমনে সমঝোতার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।

 

ঝাও লিজিয়ান বলেন, সোমবার দুপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত অঞ্চল পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নিতে একমত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই দেশের সামরিক কমান্ডিং অফিসার স্তরের ওই বৈঠক ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে।

এদিকে আজ রাশিয়ার বিজয় দিবসের প্যারেডে অংশ নেবেন চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংগে এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে তাদের মধ্যে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ভারত।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, চীন ও ভারতের মধ্যে বিবাদে মস্কো হস্তক্ষেপ করবে না।

এর আগে ভারত-চীন সীমান্ত বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয়পক্ষই তাতে অস্বীকৃতি জানায়।

গত ১৫ রাতে লাদাখ সীমান্তে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর দেশটিতে জাতীয়তাবাদী উন্মাদনা তুঙ্গে উঠে। দেশটির সংবাদমাধ্যমগুলো দাবি করে, এ ঘটনায় চীনের ৩৫-৪০ সেনা হতাহত হয়েছে। যদিও নিজেদের হতাহতের তথ্য প্রকাশ করবে না বলে জানিয়ে দেয় চীন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়