ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ২৪ জুন ২০২০

ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন শামীম আহসান

এক যুগের ব্যবধানে আবার ইতালির রাষ্ট্রদূত হচ্ছেন পেশাদার কূটনীতিক মো. শামীম আহসান এনডিসি। ঢাকার একটি সূত্র মো. শামীম আহসানের রোমে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমানে নাইজেরিয়ার রাজধানী আবুজাতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। চলতি গ্রীষ্মেই রোমে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের স্থলাভিষিক্ত হচ্ছেন মো. শামীম আহসান।

ইতালির বাংলাদেশ কমিউনিটিতে আগে থেকেই অভাবনীয় জনপ্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব মো. শামীম আহসান ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত রোমের বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর/মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

উত্তরে আল্পস পর্বতমালা থেকে দক্ষিণে সিসিলি দ্বীপ এবং পূর্বে অ্যাড্রিয়াটিকের কোল ঘেঁষে পশ্চিমে ভূমধ্যসাগরীয় তীরবর্তী বাংলাদেশি অধ্যুষিত প্রতিটি শহরে নগরে বন্দরে মো. শামীম আহসানের সুনাম রয়েছে।

২০০৮ থেকে ২০১১ আটলান্টিকের ওপাড়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন ছিলেন মো. শামীম আহসান।

নাইজেরিয়াতে হাইকমিশনার হিসেবে যোগ দেয়ার আগে ২০১৪ থেকে ২০১৮ নিউইয়র্কে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

মো. শামীম আহসান তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে কুয়েত ও কাতারের বাংলাদেশ মিশনে নিয়োজিত থাকার পাশাপাশি ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

তিনি তার শিক্ষাজীবনে কোনদিন ফার্স্ট ক্লাস সেকেন্ড হননি। যশোর শিক্ষাবোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ফার্স্ট স্ট্যান্ড করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিকাল সায়েন্সে অনার্স ও মাস্টার্স উভয় ক্ষেত্রেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হবার গৌরবের ধারাবাহিকতায় মহামান্য রাষ্ট্রপতির চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়