ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩, ২৪ জুন ২০২০
আপডেট: ২০:৪৩, ২৪ জুন ২০২০

ভারতে একদিনে প্রায় ১৬ হাজার করোনা আক্রান্ত শনাক্ত

করোনা আক্রান্তের তালিকায় ভারত বর্তমানে আছে চতুর্থ স্থানে। দেশটিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড সর্বোচ্চ প্রায় ১৬ হাজার মানুষ করোনাভাইরাস সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী করোনা নিয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৫ হাজার ৯৬৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা সাড়ে চার লাখ ছাড়াল।

মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে আরও ৪৬৫ জন করোনা আক্রান্ত মানুষের মৃত্যুর পর দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে এখন ১৪ হাজার ৪৭৬ জন। ভারতে করোনায় শীর্ষ সংক্রমিত রাজ্যগুলো হলো যথাক্রমে মহারাষ্ট্র, নয়াদিল্লি এবং তামিল নাডু। মোট আক্রান্তের ৬০ শতাংশই এই তিন রাজ্যের। 

ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী ভারতে এখন মোট ৪ লাখ ৬১ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।  এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬১ হাজার ৬৮২ জন।

অন্যান্য দেশের তুলনায় সংক্রমণের হার ব্যাপক হারে বাড়তে থাকলেও ভারতে করোনা পরীক্ষার হার তুলনামূলক অনেক কম এবং মানুষের করোনা টেস্ট করানোর সুযোগ কম বলে জানানো হয়েছে গার্ডিয়ানের প্রতিবেদনে। পরীক্ষার সুবিধা বৃদ্ধি পেলে এই শনাক্তের সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা।

ভারতে সংক্রমণ বৃদ্ধির হার প্রতিদিনই ঊর্ধ্বমুখী। সংক্রমণে শীর্ষে থাকা মহারাষ্ট্রে শনাক্ত ১ লাখ ৩৯ হাজারের মধ্যে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ মারা গেছেন। দিল্লিতে আক্রান্ত ৬৬ হাজার। সেখানে মৃতের সংখ্যা ২ হাজার ৩০০ এর বেশি। এছাড়া গুজরাটে শনাক্ত ২৮ হাজারের ১ হাজার ৭০০ এর বেশি মৃত্যু।

রাজধানী অঞ্চল দিল্লিতে ক্রমশই সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে যারা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তাদের মধ্যে প্রায় ৪ হাজার জনই দিল্লির বাসিন্দা। তবে ভারতে জনসংখ্যার অনুপাতে মৃত্যুর হার অনেক কম; প্রতি ১ লাখ মানুষের মধ্যে একজন মারা গেছে করোনায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়