ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ২৬ জুন ২০২০

ওসামা বিন লাদেনকে শহিদ আখ্যা দিলেন ইমরান

“আমরা খুবই বিব্রতবোধ করেছিলাম… যখন মার্কিন সেনাবাহিনী (পাকিস্তানে) ঢুকেছিল এবং ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে হত্যা করেছিল… তাঁকে শহিদ করে।” বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে এভাবেই ওসামা বিন লাদেনকে শহিদ বলে উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

৯/১১-এর মূল ষড়যন্ত্রকারী লাদেনকে ধরতে পাকিস্তানের অ্যাবোটাবাদের গ্যারিসন টাউনে অভিযান চালায় মার্কিন নেভি সিল। ২০১১ সালের সেই অভিযানে নিহত হন আল কায়েদা প্রধান লাদেন। গোটা ঘটনায় পাক সরকারকে অন্ধকারে রাখা হয়েছিল বলে এর আগেও আপত্তি জানিয়েছিলেন ইমরান।

লাদেনের বিরুদ্ধে বিশ্ব জুড়েই বহু জঙ্গি হামলার অভিযোগ ছিল। ২০০১-এ আমেরিকার পাঁচটি শহরে হাইজ্যাক করা বিমান নিয়েও হামলা চালায় আল কায়েদা। তাতে নিহত হন তিন হাজারেরও বেশি। ওই হামলার মূল পরিকল্পনাকারী হিসাবে দীর্ঘ দিন ধরেই লাদেনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মার্কিন সরকার। অবশেষে ২০১১-তে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে নিহত হন লাদেন।

এর আগেও ওসামাকে শহিদ বলে আখ্যা দিয়েছেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আগে লাদেনকে জঙ্গি বলে সম্বোধন করতে অস্বীকার করেছিলেন ইমরান। এমনকি, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সঙ্গে লাদেনের তুলনাও করেছিলেন ইমরান। একটি টেলিভিশন সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, ব্রিটিশদের কাছে জর্জ ওয়াশিংটন ছিলেন জঙ্গি এবং অন্যদের কাছে শহিদ।

লাদেনের বিরুদ্ধে মার্কিন অভিযান নিয়েও এর আগে মুখ খুলেছিলেন ইমরান। গত সেপ্টেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে ইমরান জানিয়েছিলেন, অ্যাবোটাবাদে লাদেনের উপস্থিতির খবর মার্কিন গোয়েন্দাদের জানিয়েছিল পাকিস্তান। ইমরানের মতে, পাক সরকারকে পুরোপুরি অন্ধকারে রেখে লাদেনের বিরুদ্ধে মার্কিন সেনার সেই গোপন অভিযান চালানো উচিত হয়নি। একটি মার্কিন টেলিভিশন চ্যানেলে ইমরান জানিয়েছিলেন, ওই অভিযানের ফলে অস্বস্তির মুখে পড়েছিল পাক সরকার। আমেরিকার সঙ্গে সুসম্পর্কের বিষয়টি মাথায় রেখে ওই অভিযানের কথা পাক সরকারকে জানানো উচিত ছিল বলেও মনে করেন ইমরান খান।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়