ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩৪, ২৯ জুন ২০২০
আপডেট: ০২:৩৯, ২৯ জুন ২০২০

উল্টো রথে ছুটতে চাইছে উজবেকিস্তান

করোনার প্রাদুর্ভাবে বিশ্বের বিভিন্ন দেশ যখন পর্যটকদের প্রবেশের উপর নানা রকম বিধিনিষেধ আরোপ করছে, তার ঠিক উল্টো ছবি ধরা পড়ল উজবেকিস্তানে।

পর্যটক টানতে ‘লোভনীয় প্রস্তাবের’ পথে হাঁটল সে দেশের সরকার। উজবেকিস্তানে ঘুরতে এসে যদি কোনও পর্যটক করোনায় আক্রান্ত হন, তাঁকে চিতিৎসার জন্য ৩০০০ ডলার দেওয়া হবে । এমনটাই জানিয়েছে সে দেশটির সরকার। সম্প্রতি ‘সেফ ট্র্যাভেল গ্যারান্টেড’ নামে একটি প্রচার কাজ শুরু করেছে উজবেকিস্তান। প্রচুর পরিমাণে পর্যটক টানতেই এমন অভিনব উদ্যোগ। সংবাদ সংস্থা ইনসাইডার-এর প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত মঙ্গলবারই এ বিষয়ে অনুমোদন দিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকত মিরজিওয়েভ।

করোনার জেরে উজবেকিস্তানে লকডাউন চলছিল। সম্প্রতি সেই লকডাউন তুলে নেওয়া হয়।

ব্রিটেনে উজবেকিস্তানের পর্যটন দূত সোফি ইবস্টন বলেন, “আমরা পর্যটকদের আশ্বাস দিচ্ছি তাঁরা যেন এখানে ঘুরতে আসেন।”

করোনাভাইরাসের সংক্রমণের জেরে উজবেকিস্তানের পর্যটন শিল্প ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া সরকার। তাই পর্যটন ক্ষেত্রে নানা রকম সতর্কতা অবলম্বন করেই পর্যটক টানতে চাইছে উজবেকিস্তান। প্রশাসনের তরফে সব রকম আশ্বাস দিয়ে এমনও বলা হয়েছে যে, ভ্রমণে এসে কোনও পর্যটক কোভিডে আক্রান্ত হলে তাঁদের চিকিত্সার খরচ বহন করা হবে।

তবে যে সব দেশ থেকে সংক্রমণের সম্ভাবনা আপাতক্ষেত্রে কম সেই সব দেশ যেমন, চিন, ইজরায়েল, জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে পর্যটকরা উজবেকিস্তানে ঘুরতে যেতে পারেন। পাশাপাশি এটাও বলা হয়েছে, ব্রিটেন এবং ইউরোপ থেকে যদি কোনও পর্যটক আসেন, তা হলে তাঁদের ১৪ দিন কোয়রান্টিনে থাকতে হবে।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯৪৮ জন এবং মারা গিয়েছেন ২২ জন।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়