ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৫, ৩ জুলাই ২০২০
আপডেট: ০১:১৬, ৩ জুলাই ২০২০

মেক্সিকোতে মাদক পুনর্বাসন কেন্দ্রে হামলা, নিহত ২৪ জন

মেক্সিকোতে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বন্দুকধারীর হামলায় ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন।

বুধবার স্থানীয় সময় রাতে গুয়ানাজুয়াতো প্রদেশের ইরাপুয়াতো শহরের একটি ড্রাগ রিহ্যাব সেন্টারে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ইরাপুয়াতো শহরের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে একটি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ঢুকে নির্বিচারে গুলি ছোঁড়ে হামলাকারীরা। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একটি লাল ট্রাকে করে সশস্ত্র হামলাকারী দল ঘটনাস্থলে পৌঁছে রোগীদের দিকে কয়েক দফা টানা গুলি ছোঁড়ে। এরপর তারা পালিয়ে যায়।

গুয়ানাজুয়াটা শহরের অ্যাটর্নি জেনারেল ক্যার্লোস জামারিপা বলেছেন, হামলার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

মেক্সিকোয় অপরাধের নতুন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে গুয়ানাজুয়াতো। গাড়ি তৈরির এই অঞ্চলটিতে মাদক ব্যবসাকে নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেই বেশি হামলা চালানো হচ্ছে।

এর আগে গত মাসেও ইরাপুয়াতো শহরে আরেকটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়