ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৭, ৪ জুলাই ২০২০

প্রিয়াঙ্কা গান্ধীকে দিল্লির সরকারি বাংলো ছাড়ার নোটিশ

ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে এই মাসের মধ্যে দিল্লির সরকারি বাংলো ছাড়ার নোটিশ পাঠানো হয়েছে। মোদি সরকারের পক্ষ থেকে একটি নোটিশ গত বুধবার সন্ধ্যায় প্রিয়াঙ্কার বাড়িতে পাঠানো হয়।

নোটিশ পাওয়ার পর বৃহস্পতিবারই প্রিয়াঙ্কা জুন মাসের শেষ পর্যন্ত তাঁর বকেয়া ভাড়া ৩ লাখ ৪৬ হাজার ৬৭৭ টাকা অনলাইনে শোধ করে দেন। প্রিয়াঙ্কার ওই বাংলোর মাসিক ভাড়া ৩৭ হাজার রুপি। প্রিয়াঙ্কা ২৩ বছর ধরে ৩৫, লোদি এস্টেটের বাসিন্দা।

প্রিয়াঙ্কার মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং ভাই রাহুল বৃহস্পতিবার পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কংগ্রেস নেতৃত্বের ওপর মোদি ও তাঁর সরকার ক্ষিপ্ত। হিংসা ও ক্রোধে তারা অন্ধ। উত্তর প্রদেশে প্রিয়াঙ্কা গান্ধী নিত্যদিন রাজ্য সরকারের অপশাসন উন্মেষ করছেন। তা রুখতে এই প্রতিহিংসা। তবে কংগ্রেস এতে বিচলিত নয়।’

প্রিয়াঙ্কার ব্যবসায়ী স্বামী রবার্ট ভদ্রর বিরুদ্ধে জমি কেনাবেচা–সংক্রান্ত একাধিক অভিযোগের তদন্ত চালানো হচ্ছে। রবার্টের ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, কংগ্রেস শাসনামলে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসির সঙ্গে দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের চুক্তির ‘কাটমানি’ হিসেবে সঞ্জয় ৫০ লাখ ডলার নিয়েছিলেন রবার্ট ভদ্রর হয়ে। সেই অর্থে লন্ডনে সম্পত্তি কেনা হয়েছিল বলেও অভিযোগ। সোনিয়ার অতি ঘনিষ্ঠ প্রবীণ নেতা আহমেদ প্যাটেলের বিরুদ্ধেও ‘অর্থনৈতিক দুর্নীতির’ অভিযোগ আনা হয়েছে। প্যাটেলকে চলতি সপ্তাহে ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয়।

কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক মোকাবিলায় না নেমে বিজেপি ও মোদি সরকার নানাভাবে সোনিয়া ও তাঁর পরিবারকে হেনস্তা করছে। ন্যাশনাল হেরাল্ড মামলা রুজু হয়েছে।

প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) তৈরি করা হয়েছিল ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর। পরবর্তীকালে একাধিকবার ওই আইন পরিবর্তন ও সংশোধিত হয়েছে। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৯ সালের আগস্ট মাসে নরেন্দ্র মোদির সরকার সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা খতিয়ে দেখে ‘এসপিজি কভার’ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

জেএ/আই নিউজ
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়