ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ৬ জুলাই ২০২০

প্রতি ১০ লাখে আক্রান্তের হারে শীর্ষে কাতার

করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তারপরেই আছে ব্রাজিল, ভারত, রাশিয়া। আকারে বিশাল এ তিনটি দেশের জনসংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যাও প্রচুর।

এদিকে জনসংখ্যার প্রতি ১০ লাখ মানুষের মধ্যে আক্রান্তের হার তুলনা করলে সেখানে শীর্ষ ১০০-তেও নেই ভারত, যুক্তরাষ্ট্র ১৩তম আর ব্রাজিল থাকছে ১৬তম অবস্থানে।

করোনাভাইরাসের সর্বশেষ তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তালিকা থেকে এ চিত্র উঠে এসেছে ।

সেখানে দেখা যাচ্ছে প্রতি ১০ লাখে আক্রান্তের হিসাবে সবার শীর্ষে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৫ হাজার ৫৪৩ জন।

দ্বিতীয় অবস্থানে আছে বাহরাইনের নাম। দেশটিতে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৬০ জন। 

তৃতীয় অবস্থানে থাকা চিলিতে আক্রান্ত হয়েছেন গড়ে ১৫ হাজার ৪৫৮ জন। এরপর যথাক্রমে কুয়েতে ১১ হাজার ৬৯৩ জন, আর্মেনিয়ায় ৯ হাজার ৬৫৩ জন, পেরুতে ৯ হাজার ১৮০ জন, ওমানে ৯ হাজার ৪২ জন, যুক্তরাষ্ট্রে ৯ হাজার ১১ জন, পানামায় ৮ হাজার ৮৪০ জন এবং সিঙ্গাপুরে প্রতি ১০ লাখে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৫৭ জন।

তবে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের মধ্যে ১৮তম হলেও প্রতি ১০ লাখে আক্রান্তের হারে এ দেশের অবস্থান ৮৯তম।

প্রকৃত তালিকার শীর্ষ ১০-এ সান ম্যারিনো, ভ্যাটিকান সিটি, ফ্রেঞ্চ গিয়ানার মতো একাধিক ক্ষুদ্র ইউরোপীয় রাষ্ট্র রয়েছে যেখানে জনসংখ্যা ১০ লাখেরও অনেক নিচে। যেমন- সান ম্যারিনোর জনসংখ্যা ৩৩ হাজারের মতো এবং মোট করোনায় আক্রান্ত ৬৯৮ জন হলেও তুলনামূলক হিসাবে দেশটির ১০ লাখ মানুষের মধ্যে আক্রান্ত দাঁড়াচ্ছে ২০ হাজার ৫৭১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়