ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ৭ জুলাই ২০২০
আপডেট: ১৫:০৬, ৭ জুলাই ২০২০

এবার যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ হতে পারে টিকটকসহ চীনা অ্যাপ

চীনের সাথে সীমান্ত বিরোধের জের ধরে টিকটকসহ ৫৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এবার ভারতের মতোই যুক্তরাষ্ট্রও করতে চাইছে।

সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, টিকটকসহ চীনা অ্যাপগুলো নিষিদ্ধের বিষয়টি অবশ্যই দেখা হচ্ছে।

তিনি বলেন, আমি প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) সামনে পড়ে যেতে চাই না, তাই বিষয়টা নিয়ে আমরা ভাবছি এবং এটা খুবই গুরুত্ব সহকারে এটা দেখা হচ্ছে।

অ্যাপটি চীনের তৈরি এবং ব্যবহারকারীর তথ্য তাদের কাছেই সংরক্ষিত থাকছে। তাই মার্কিন আইনপ্রণেতাদের আশঙ্কা, চীনা কমিউনিস্ট শাসকগোষ্ঠী কোম্পানিটির মাধ্যমে ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিতে পারে বা আইনবলে চীন কোম্পানিকে তথ্য দিতে বাধ্য করতে পারে। যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

এদিকে কোম্পানিটি বলছে, এর ডাটা সেন্টার চীনা ভূখণ্ডের বাইরে অবস্থিত এবং এসব ডাটার কোনোটিই চীনের আইনের আওতায় পড়ে না। টিকটক বলছে, যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর যাবতীয় তথ্য যুক্তরাষ্ট্রের ডাটা সেন্টারে জমা আছে। তাই এই ডাটা চীনে পাচার হওয়ার কোনো সুযোগ নেই।

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ, প্রায় দুই বছর ধরে চলা বাণিজ্য যুদ্ধ এবং হংকং ইস্যুতে চীনে পাস হওয়া নতুন আইন নিয়ে বর্তমানে চীনের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের। তাই টিকটকসহ অন্যান্য চীনা অ্যাপে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলে তা হবে মূলত এই বৈরী সম্পর্কের কারণেই।

সূত্র: সিএনএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়