ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ৯ জুলাই ২০২০
আপডেট: ২০:১২, ৯ জুলাই ২০২০

ইরানে করোনায় রেকর্ড ২২১ জনের প্রাণহানি

ইরানে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। সাথে বাড়ছে ভাইরাসটিতে প্রাণহানির সংখ্যা। গত একদিনে দেশটিতে নতুন করে ২২১ জন কোভিড-১৯ রোগী মারা গেছে, যা ফেব্রুয়ারিতে প্রাদুর্ভাব শুরুর পর সর্বোচ্চ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ নিয়ে ইরানে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩০৫ জনে। এদিকে বৃহস্পতিবার নতুন করে আরও ২ হাজার ৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশটির করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৫৮ জনে।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার বিচারে দেশটির ৩১টি প্রদেশের মধ্যে নয়টি প্রদেশকে নতুন করে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে সরকার। এছাড়া রাজধানী তেহরানসহ আরও দশটি রয়েছে ‘ইয়োলো জোনে’। সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত জুন থেকে দেশটিতে করোনার সংক্রমণ নতুন করে দেখা দেয়।

তেহরানের করোনাভাইরাস মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের প্রধান আলিরেজা জালি বুধবার বিবিসিকে বলেন, ‘তেহরান এখন ভঙ্গুর এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গত দশদিন ধরে আক্রান্ত, মৃত্যু এবং হাসপাতালের ভর্তির সংখ্যা দ্রুতই বাড়তে দেখা যাচ্ছে। এটা খুবই উদ্বেগের বিষয়।’

ইরানে ফেব্রুয়ারি মাসে করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছিল। এপ্রিলের দিকে এর প্রভাব অনেকটাই কমে আসে। এরই পরিপ্রেক্ষিতে দেশটির সরকার বেশিরভাগ ব্যবসাকেন্দ্র পুনরায় খোলার অনুমতি দিয়ে অর্থনৈতি সচল করার পথ অনুসরণ, যে অর্থনীতির অবস্থা মার্কিন নিষেধাজ্ঞার কারণে এমনিতে বিপর্যস্ত।

অর্থনীতি পুনরায় সচল ও জনজীবন স্বাভাবিক হতে শুরু করলে দেশটিতে ফের সংক্রমণের হার বাড়তে থাকে। যা দেশটির জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন  ভাইরাসটির বিস্তার ঠেকাতে হলে নতুন করে ফের বিধিনিষেধগুলো জারি করতে হবে।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়