ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৬, ১৩ জুলাই ২০২০
আপডেট: ২০:২৮, ১৩ জুলাই ২০২০

করোনায় ঝুঁকিতে আছে প্রায় ১ কোটি শিশুর শিক্ষাজীবন

করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশেই স্কুল-কলেজ বন্ধ। ফলে থেমে আছে শিক্ষা কার্যক্রম। এবার এই বিষয় নিয়ে এক ঝুঁকির আশঙ্কা জানাল যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন। 

সংস্থাটির প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, মহামারি শেষ হলেও প্রায় ১ কোটি (৯৭ লাখ) শিশুর স্কুলে ফেরা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এখবর জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সবচেয়ে দরিদ্র ও সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুরাই বেশি ঝুঁকিতে। এপ্রিল মাসেই ১৬০ কোটি শিক্ষার্থীর স্কুল গমন বন্ধ হয়ে যায়। মানব ইতিহাসে প্রথমবারের মতো পুরো একটি প্রজন্মের শিক্ষা বাধাগ্রস্থ হলো। করোনা আসার আগেই বিশ্বের ২৫ কোটি ৮ লাখ শিশু স্কুলে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত ছিল।

সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে প্রান্তিক শিশুদের মধ্যে পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বন্ধ হওয়ার পর ৯০ শতাংশ শিশুর সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনও  যোগাযোগ করেনি। ৯১ শতাংশের বাসায় পড়াশোনা করার মতো কোনও সহযোগিতা নাই (অভিভাবক বা বড় ভাই-বোন)। এর ফলে এই শিশুদের ৬৫ শতাংশ বাড়িতে সামান্য পড়াশোনা করছে এবং ২৩ শতাংশ পড়াশোনাই করছে না।

এতে আরও বলা হয়েছে, দরিদ্রদের মধ্যে পরিচালিত আরেকটি জরিপে দেখা গেছে, মহামারিতে তাদের আয় ৭০ শতাংশের বেশি কমেছে। প্রায় দুই-তৃতীয়াংশ তাদের কাজ হারিয়েছেন এবং এখন বেকার। এতে করে এসব পরিবারের নিত্য দিনের খরচ বেড়ে যাওয়াতে শিশুদের জোর করে শ্রমে পাঠানোর বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়