ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ১৬ জুলাই ২০২০

ট্রাম্পের চেয়ে ডা.ফাউসির ওপর বেশিরভাগ মার্কিনির আস্থা

করোনা পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে বেশিরভাগ মার্কিনি সন্তুষ্ট নন বলে আগের অনেক জরিপে তার প্রমাণ মিলেছে। নতুন এক জরিপে দেখা গেছে, প্রতি তিনজন আমেরিকানের একজনের আস্থা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর। বিপরীতে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসির ওপর আস্থা দুজনের। 

সিএনএন-এর চিফ মিডিয়া করেসপন্ডেন্ট ব্রায়ান স্টেলার এক নিবন্ধে লিখেছেন, যেকোনো ইস্যুতে আমেরিকানদের দুই ভাগে ভাগ হতে দেখা যায় সব সময়। বেশিরভাগ সময় এই হারটা থাকে ৫০-৫০। কিন্তু এখন করোনার মতো একটি মহামারি মোকাবিলা নিয়ে আস্থার প্রশ্নে এই বিভাজনটা ২-১।

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের করা একটি নতুন জরিপে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ত্রিশ শতাংশ নিবন্ধিত ভোটার বলছেন, করোনাভাইরাস নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব তথ্য দেন তা বিশ্বাস করেন তারা। ট্রাম্প দাবি করেছেন তার শাসনামলে বড় সংকট চলছে। অথচ প্রতি দশজনের ৩ জন ভোটার তার ওপর আস্থা রাখছেন।

জরিপে অংশ নেওয়া ৬৭ শতাংশ নিবন্ধিত ভোটার ট্রাম্পের কোভিড-১৯ সংক্রান্ত দাবি বিশ্বাস করেন না। শুধু এটি নয় এর আগেও অনেক জরিপে দেখা গেছে, ট্রাম্পের সততা এবং বিশ্বাসযোগ্যতার ওপর আস্থা রয়েছে প্রতি তিনজনের একজন আমেরিকানের। বিপরীতে দুজন আমেরিকান তার কথা বিশ্বাস করেন না।

জরিপের আরেকটি তথ্য আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রায় দুই তৃতীয়াংশ নিবন্ধিত ভোটার (৬৫ শতাংশ) করোনাভাইরাস নিয়ে ট্রাম্প নয় বরং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালকের দায়িত্বে থাকা ড. অ্যান্থনি ফাউসির কথা বিশ্বাস করেন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) চেয়েও করোনাভাইরাস সংক্রান্ত তথ্যে ফাউসির ওপর বেশি আস্থা আমেরিকানদের। জরিপে দেখা যাচ্ছে, যেখানে ফাউসির দেওয়ার তথ্যে আস্থা রাখছেন ৬৫ শতাংশ মানুষ। সেখানে সিডিসির দেওয়ার তথ্যে আস্থা রয়েছে ৬১ শতাংশের।

এদিকে ডা. ফাউসিকে নিয়ে হোয়াইট হাউসে সমালোচনা আশঙ্কাজনক হারে বাড়ছে। সিএনএন বলছে, দেশজুড়ে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে কাজ করা নয় বরং হোয়াইট হাউস এখন অ্যান্থনি ফাউসির মতো গোটা আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তিত্বের সুনাম নষ্ট করার মতো গর্হিত কাজে ব্যস্ত।

তবে তার সম্মানহানি করতে হোয়াইট হাউসের চেষ্টাকে ‘উদ্ভট’ অ্যাখ্যা দিয়েছেন বিশ্বের নামকরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় নিজেদের মধ্যকার বিভেদ দূরে সরিয়ে রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, ‘চলুন এসব পাগলামি বন্ধ করি’।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়