ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ২৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:১৫, ২৭ এপ্রিল ২০২১

ভারতকে অক্সিজেন-চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে ফ্রান্স

করোনায় বিপর্যস্ত ভারতের সাহায্যে এগিয়ে এসেছে ফ্রান্স। দেশটিকে উচ্চ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন জেনারেটর, ২ হাজার রোগীর জন্য তরল অক্সিজেন, ২৮টি ভেন্টিলেটর ও আইসিউসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেয়ার ঘোষণা দিয়েছে।

ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লিনেন এক টুইটে লিখেন, আগামী বেশ কয়েক দিনের মধ্যেই ভারতে ৮টি অক্সিজেন জেনারেটর (যা বছরব্যাপী ২৫০ বেডের জন্য অক্সিজেন উৎপাদন করতে পারবে), ২ হাজার রোগীর ৫ দিনের জন্য তরল অক্সিজেন এবং ২৮টি ভেন্টিলেটর ও আইসিইউ’র সরঞ্জাম ডেলিভারি করা হবে।

লিনেন আরও জানান, ভারতের স্বাস্থ্য পরিকাঠামোতে উন্নতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তার এই সংহতিতে সহায়তা দিচ্ছে ভারতে অবস্থিত ফরাসি কোম্পানিগুলো ও ইউরোপীয় ইউনিয়ন।

ফ্রান্সের ছোট ও মাঝারি শিল্প উদ্যোগে নির্মিত ৮টি অক্সিজেন জেনারেটর ভারতের হাসপাতালগুলোকে আগামী ১০ বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেনের জোগান দেবে। যার ফলে করোনা পরিস্থিতিতে দেশে অক্সিজেনের চাহিদা অনেকটাই মিটবে।

এর আগে ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করছে সৌদি আরব। ভারতের আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে সমন্বয় করে এগুলো সরবরাহ করা হয়।....বিস্তারিত

উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ সময় পার করছে ভারত। দেশটিতে কোনোভাবেই করোনার সংক্রমণ ও মৃত্যুতে লাগাম দেয়া সম্ভব হচ্ছে না।

সংক্রমণ বাড়ার সাথে সাথে দেশটির বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। কয়েকটি রাজ্যের একাধিক হাসপাতাল অক্সিজেন শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছে। এমন অবস্থায় অতি প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার দেশের বিভিন্ন রাজ্যে জরুরিভিত্তিতে অক্সিজেন সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়