ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ১৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা: হরমুজ পাড়ি দিলো ইরানের জাহাজ

ইরানের একটি সুপার ট্যাংকার/ ছবি: আনাদোলু এজেন্সি

ইরানের একটি সুপার ট্যাংকার/ ছবি: আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের আরও একটি সুপার ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই প্রণালি ও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ চলমান থাকলেও দ্বিতীয় ট্যাংকার হিসেবে নিরাপদে পথ পাড়ি দেয় বিশাল তেলবাহী জাহাজটি।

জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান এলএসইজি ও কেপলারের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) খালি অবস্থায় পারস্য উপসাগরে প্রবেশ করে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ‘আরএইচএন’। প্রায় ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম এই ট্যাংকারটির চূড়ান্ত গন্তব্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি সুপার ট্যাংকার অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তাদের দাবি, জাহাজটি ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১২ এপ্রিল অবরোধ আরোপের ঘোষণা দেন। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও দীর্ঘ বৈঠকের পরও দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। আলোচনা ভেস্তে যাওয়ার পরই এই অবরোধের ঘোষণা দেওয়া হয়।

পরবর্তীতে সোমবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবরোধ কার্যকর করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, এখন পর্যন্ত কোনো জাহাজ অবরোধ ভাঙতে সক্ষম হয়নি। তাদের নির্দেশে অন্তত ১০টি জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই ‘রিচ স্টারি’ নামের আরেকটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করে। জাহাজটি পরিচালনা করে সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড, যা ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

এলএসইজি ও কেপলারের তথ্যমতে, মাঝারি আকারের ওই ট্যাংকারে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করা হয়। এটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে যাত্রা শুরু করে এবং চীনের মালিকানাধীন জাহাজটিতে চীনা নাবিকরা কর্মরত রয়েছেন।
সূত্র: আল-জাজিরা

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়