ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ২৬ আগস্ট ২০২১
আপডেট: ২২:৪২, ২৬ আগস্ট ২০২১

দেশের উত্তরাঞ্চলে অতিভারী বর্ষণের সম্ভাবনা

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের উত্তরাঞ্চলে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী অক্ষ অবস্থান করায় এবং সেইসাথে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

তিনি আরও জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী দু’এক দিন অব্যাহত থাকতে পারে। এ মাসের শেষের দিকে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবনতা কমতে পারে এবং দক্ষিণাঞ্চলে কিছুটা বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ঈশ্বরদী ১৬৩, হাতিয়া ১১৬, তেঁতুলিয়া ১১৩, চুয়াডাঙ্গা ৯৯, রাজশাহী ৯০, ময়মনসিংহ ৮০, বগুড়া ৭৭, বদলগাছী ৭৫, মাইজদীকোর্ট ৭৩, ফরিদপুর ও সাতক্ষীরা ৬৪, চট্টগ্রাম ৫৪, কুতুবদিয়া ৫০, ডিমলা ৪৩, সৈয়দপুর ৪২, নেত্রকোনা ৩১ এবং টাঙ্গাইলে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

বৃহস্পতিবার মংলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন টাঙ্গাইলে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। 

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়