ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭, ২২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১২:২২, ২২ সেপ্টেম্বর ২০২১

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি বিএনপির

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে প্রস্তুত হয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন বিএনপির ঢাকা ও ফরিদপুর অঞ্চলের নেতারা। এক্ষেত্রে সববিরোধী রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনের প্লাটফর্ম তৈরি করতে হাইকমান্ডকে অনুরোধ করেছেন তারা।

একইসঙ্গে ঐক্যফ্রন্টের কঠোর সমালোচনা করে রাজনৈতিক জোট করার ক্ষেত্রে সতর্ক হাওয়ার কথা বলেছেন অনেক নেতা। কারও বক্তব্যে বিএনপি জোটের অন্যতম শরিক জামায়াতেরও সমালোচনা এসেছে।

মঙ্গলবার বিকাল থেকে রাত ৯টা অবধি চলা বিএনপির নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে ঢাকা ও ফরিদপুর বিভাগের নির্বাহী কমিটি এবং জেলার নেতারা এসব পরামর্শ দেন।

দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশ না নেওয়ার পরামর্শ ছাড়াও বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করতে হলে জনসম্পৃক্ত কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলনে যাওয়ার কথা বলেছেন বেশিরভাগ নেতা। এছাড়া ঢাকায় জোরাল আন্দোলন করতে কর্মপরিকল্পনা করার তাগিদও এসেছে এই দুই অঞ্চলের নেতাদের কাছ থেকে। সেজন্য সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে পুনর্গঠন করে শক্তিশালী করার কথা বলেছেন। তবে অতীতে মাঠে থাকার কথা বলেও অনেক নেতা আন্দোলনে ছিলেন না শীর্ষ নেতারা এমন অভিযোগ করেছেন তৃণমূলের এসব নেতাদের উদ্দেশে।

চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্ব করেন।

বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকের প্রথম দিন মোট ১২৬ জনকে আমন্ত্রণ জানানো হলেও ৭৮ জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বক্তব্য দেন ৪১ জন।

বৈঠকে অংশ নেওয়া ঢাকার এক নেতা জোট প্রসঙ্গে বলেন, ছোট অনেক দল নিয়ে ২০১৮ সালের নির্বাচনের আগে জোট করা হয়। বিএনপির অনেক সিনিয়র নেতাকে তাদের পেছনের সারিতে বসতে হয়েছে। কিন্তু তাদের কাছ থেকে আমরা কিছুই পাইনি। এত আয়োজন করে ভোটে গিয়েও মাত্র ৬টি আসন পেয়েছি। তারা শুধু আমাদের কাছ থেকে নিয়েছে। যারা আমাদের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মানবে না তাদের সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো জোট করা না হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়