ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ২২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:০৯, ২২ সেপ্টেম্বর ২০২১

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আরও একটি মামলা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ( সিএমএম) আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

এ নিয়ে মোট চারটি মামলা দায়ের হলো প্রতারণার অভিযোগ ওঠা প্রতিষ্ঠানটির কর্ণধারদের বিরুদ্ধে।

বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মো. মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ধানমন্ডি থানাকে এফআইআর হিসাবে গ্রহণ করার নির্দেশ দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুজাহিদুর রহমান ইভ্যালি থেকে দুই টনের জেনারেল কোম্পানির একটা এসি অর্ডার করেছিলেন। যার দাম ছিল ৮৫ হাজার টাকা। অর্ডারের পর এসি না দেওয়ায় আদালতে তিনি মামলা করেন।

এর আগে গুলশান থানার প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এদিন আদালত উভয়ের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরমধ্যে একদিনের রিমান্ড দেন রাসেলকে। আর শামীমাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর বিকেলেই রাসেল দম্পতিকে গ্রেফতার করে র‌্যাব।  

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়