ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৪:০০, ২৯ সেপ্টেম্বর ২০২১

শাহজালালে আরটি-পিসিআর ল্যাবগুলোর অনুমোদন দিল আরব আমিরাত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি আরটি পিসিআর ল্যাব অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সকালে ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন আপনাদের স্থাপিত ল্যাবগুলোকে অনুমোদন দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের রুটগুলোতে নিয়মিত ফ্লাইটগুলো চালুর অনুমোদন দেওয়া হলো। অনুমোদনের সিদ্ধান্ত বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে কার্যকর হবে।

চিঠিতে একমাত্র শর্ত হিসেবে বলা হয়েছে, একজন যাত্রী তার যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে এই ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আমিরাতের উদ্দেশ্যে রওনা হতে পারবে।

বিমানবন্দর সূত্র জানায়, অনুমোদন পাওয়া ছয়টি প্রতিষ্ঠান হলো গুলশান ক্লিনিক লিমিটেড, স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। ল্যাবগুলোতে জনপ্রতি পরীক্ষা ফি ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদফতরের কারিগরি কমিটি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ