ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ৪ অক্টোবর ২০২১

তিনদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে

ভারতের স্থলভাগ হয়ে লঘুচাপটি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এজন্য উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হচ্ছে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩ অক্টোবর) সকাল ৬টা থেকে সোমবার (৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, সেখানে ২৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরাঞ্চলের রংপুরে ২২১, দিনাজপুরে ২০১, রাজারহাটে ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময়ে ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু উত্তরাংশে সক্রিয় ও দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়