নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:১০, ৫ অক্টোবর ২০২১
সারাদেশে ৩২ হাজার ১১৮ মণ্ডপে দুর্গাপূজা
চলতি বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মন্দির বা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। ‘শারদীয় দুর্গাপূজা-২০২১’ আয়োজনের বিস্তারিত জানাতে ডাকা সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, গত বছর সারাদেশে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা ছিল ৩০ হাজার ২১৩টি। এবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ১১৮টিতে। যা গত বছরের চাইতে এক হাজার ৯০৫টি বেশি। আর ঢাকা মহানগরে পূজা মণ্ডপের সংখ্যা ২৩৮টি যা গতবছর থেকে চারটি বেশী। বর্তমান সরকার রাষ্ট্রীয় দায়িত্বে আসার পর প্রতিবছর ধারাবাহিকভাবে পূজা মণ্ডপের সংখ্যা বাড়ছে।
এবছর বিজয়া দশমী ১৫ অক্টোবর (শুক্রবার) জানিয়ে তিনি বলেন, করোনার কারণে গতবারের মতো এবারও শোভাযাত্রা পরিহার করে প্রতিমা বিসর্জন দেওয়ার নির্দেশ রয়েছে। সংশ্লিষ্ট মণ্ডপ বা মন্দির কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা নেবেন। তবে এদিন শুক্রবার হওয়ায় বেলা ১২টা থেকে তিনটা পর্যন্ত জুমার নামাজের সময়ে প্রতিমা বিসর্জনের বিষয়টি পরিহার করতে হবে।
নির্মল কুমার জানান, এবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজা উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন। যা গতবারের চাইতে ১ কোটি টাকা বেশী। এ জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আশা করি অনুদানের পরিমাণ আগামীতে আরও বৃদ্ধি পাবে।
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শূন্য সহনশীল নীতি গ্রহণ করলেও সাম্প্রদায়িক শক্তি নানা অজুহাতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রায়শই নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এই নেতা। তিনি বলেন, বিশেষ করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সকল ক্ষেত্রেই দলীয় আদর্শ বিসর্জন দিয়ে অনেকেই এসব সংঘবদ্ধ আক্রমণে সামিল হচ্ছেন।
এসময় দুর্গাপূজার সময় তিনদিন সরকারি ছুটিসহ ১০ দফা দাবি উত্থাপন করেন তিনি। সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত উপস্থিত ছিলেন
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























