ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:২৬, ৬ অক্টোবর ২০২১

মহালয়ায় ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার

আজ শুভ মহালয়া। এই দিনেই শুরু হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। মহালয়া উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকেশ্বরী মন্দির। যেখানে যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।  সবাইকে জানিয়েছেন মহালয়ার শুভেচ্ছাও।

বুধবার (৬ অক্টোবর) সকালে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে বিক্রম দোরাইস্বামী মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে অংশ নেন। সঙ্গে ছিলেন হাইকমিশনারের স্ত্রী সংগীতা দোরাইস্বামী।

এ সময় হাইকমিশনার ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে আসা সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। 

দেবী দুর্গা যে আসবেন—তা জানান দেয় মহালয়া। এদিন থেকে শুরু হয় দেবীপক্ষের। শুভ মহালয়ার দিনের শুরুতে হিন্দু ধর্মাবলম্বীরা শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার মর্ত্যলোকে আগমনের আমন্ত্রণ জানায়। মহালয়ার দিন স্থাপন করা হয় ঘট ও বিশেষ পূজা।

এছাড়া পিতৃপক্ষের শেষ দিনটিকে মহালয়া বলা হয়। সেই হিসেবে আজ মহালয়া। এ দিন পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়। প্রচলিত আছে, মৃতব্যক্তির মৃত্যু তিথি জানা না-থাকলে এদিন তর্পণ করা যেতে পারে। এদিন সকলেই তর্পণ করতে পারেন। কৃষ্ণপক্ষের সমাপ্তি এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনার আগের অমাবস্যাকে মহালয়া বলা হয়। তবে কেন পিতৃপক্ষের শেষে অমাবস্যার দিনটিকে মহালয়া বলা হয়, সে বিষয় নানা মত প্রচলিত রয়েছে।

সনাতন পঞ্জিকা মতে আরও জানা যায়, আগামী ১১ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুভারম্ভ হবে। যথাক্রমে ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী, ১৪ অক্টোবর নবমী ও ১৫ অক্টোবর দশমীর দিনে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় উৎসব সম্পন্ন হবে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়