ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ২৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২০:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা ক্যাম্পেইন, যারা পাবেন অগ্রাধিকার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ফের টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। দীর্ঘদিন টিকা পেতে নিবন্ধন করেও যারা টিকা পাননি, ক্যাম্পেইনে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেশের করোনা পরিস্থিতি ও টিকা কার্যক্রম নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যারা অনেকদিন নিবন্ধন করেছেন কিন্তু টিকা পাননি এবং অপেক্ষায় আছেন, তাদের অবশ্যই আমরা অগ্রাধিকার দেব। আপনারা জানেন, প্রথমদিকে নিবন্ধন একেবারে অনেক হয়ে গিয়েছিল। যে কারণে আমাদের একটি জট তৈরি হয়েছিল। কোনো কোনো দিন ২০ থেকে ২৫ লাখ লোকের নিবন্ধন হয়েছিল। এখন আমাদের হাতে পর্যাপ্ত টিকা আছে, এখন আর জট থাকবে না।

তিনি বলেন, সারাদেশের ছয় হাজারের বেশি কেন্দ্রে সকাল ৯টা থেকে দিনব্যাপী একাধিক শিফটের মাধ্যমে এ টিকা দেওয়া হবে। টিকাদানের ক্ষেত্রে প্রথম দুই ঘণ্টা ৫০ বছরের বেশি বয়সী নারী, শারীরিক প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি 

তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার জন্য এ টার্গেট নেওয়া হয়েছে। এর আগে ক্যাম্পেইনের মাধ্যমে একদিনে ৪৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার টার্গেট পূরণ করতে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিক ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে টিকা উৎপাদনের বিষয়টি চলমান আছে। বেসরকারি প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মা এ নিয়ে চীনের সঙ্গে কাজ করছে। আমি যতটুকু জানি, তাদের কাজকর্ম চলমান। তারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে, আশা করি তারা সেভাবেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। আমাদের টিকার কোনো কোনো ঘাটতি হবে না। ডিসেম্বরের মধ্যে কেনার মাধ্যমে এবং কোভ্যাক্স থেকে যথেষ্ট পরিমাণ টিকা পাব।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত পাঁচ কোটি ৫২ লাখ টিকা পাওয়া গেছে। তার মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে চার কোটি দুই লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ