ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২২, ৮ অক্টোবর ২০২১
আপডেট: ১৫:০০, ৮ অক্টোবর ২০২১

মধ্যরাতে দেশে ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকায় এ কম্পন অনুভূত হয়।

এছাড়া মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন স্থানেও।

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া নামক এলাকা থেকে ৪৬.১ কিলোমিটার পূর্ব- দক্ষিণ-পূর্বে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের অবস্থান ঢাকা থেকে ৪৭৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে স্ট্যাটাস দিয়েছেন। এ ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বেশি অনুভূত হয়েছে। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কাঁপুনি টের পেয়েছেন অনেকেই।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ