ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ১৯ আগস্ট ২০২১
আপডেট: ১৭:৪৮, ১৯ আগস্ট ২০২১

কমলগঞ্জে একদিনে আরও ৬৩ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬৩ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬২ জনে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম  ভূঁইয়া।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার দুপুরে আসা রিপোর্টে ৬৩ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে কমলগঞ্জ উপজেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৪৬১ জন।

তিনি আরও জানান, এ উপজেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত  ৫০ জন। নতুন শনাক্ত ৬৩ জনকে তাদের আক্রান্তের বিষয়টি জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে গত বুধবার মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসোলেশনে কমলগঞ্জ উপজেলার শাওলী সিনহা (৭৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) ডা. ফয়ছল জামান ১ জন নারীর মৃত্যু নিশ্চিত করেন।

কমলগঞ্জ উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা দেয়া কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া করোনা টেস্ট প্রতিদিন করা হচ্ছে। আগের চেয়ে মানুষের মাঝেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, লাইন বেঁধে করোনার টিকা নিতে জনসাধারণ ভিড় জমিয়েছেন। কেউ রেজিস্ট্রেশন করে কার্ড নিয়ে এসেছেন, আবার কেউ মোবাইলে ম্যাসেজ পেয়ে এসেছেন। এতে করে দায়িত্বরত স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও সহকারীরা হিমশিম খাচ্ছেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, কমলগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত করোনার ভ্যাকসিন গ্রহণে রেজিস্ট্রেশন করেছেন প্রায় ৫৬ হাজার মানুষ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২১ হাজার ৯৫৭ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ হাজার ২৭ জন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর জন্য ২০ টি বেড রয়েছে। এছাড়াও পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার ও ১টি অক্সিজেন কনসেন্টেটর রয়েছে।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়