ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:৫৮, ৭ নভেম্বর ২০২১
আপডেট: ১৬:১৯, ৭ নভেম্বর ২০২১

শ্রীমঙ্গলে র‍্যাবের বন্দুকযুদ্ধে নিহতরা নাজমুল হত্যা মামলার আসামি

র‍্যাবের বন্দুকযুদ্ধে নিহত তোফায়েল আহমদ ও শহিদ মিয়া।

র‍্যাবের বন্দুকযুদ্ধে নিহত তোফায়েল আহমদ ও শহিদ মিয়া।

শ্রীমঙ্গলে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত দুইজনই কমলগঞ্জের আলোচিত নাজমুল হত্যা মামলার এজহারভুক্ত আসামি। নিহতরা হলেন- মামলার ৩ নম্বর আসামি তোফায়েল আহমদ ও ৮ নম্বর আসামি শহিদ মিয়া।

তোফায়েল ও শহিদের পরিবার তাদের পরিচয় নিশ্চিত করেছেন। 

রোববার (৭ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার  অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা জানান, আজ রোববার (৭ নভেম্বর) ভোররাতে  শ্রীমঙ্গল মাইজদিহি পাহাড়ি এলাকায় টহলকালে র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে তারা। তারপর র‍্যাবের পক্ষ থেকেও পালটা গুলি ছোঁড়া হয়। এসময় র‍্যাবের ৩ সদস্য আহত হন।

র‍্যাব জানায়, গোলাগুলি থামার পর ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। র‍্যাব তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, দায়িত্বরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দুটি শ্রীমঙ্গল থানার ভেতরে একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে বলে জানায় র‍্যাব।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক মো. জামাল জানান, ভোরে শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্প থেকে লাশ দুটি রেখে গেছে। এ বিষয়ে বিস্তারিত এখনও জানানো হয় নি।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২টার দিকে চৈত্রঘাট বাজারে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী নাজমুল হাসানকে। পরে হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৩১ অক্টোবর দুপুরে কমলগঞ্জের চৈত্রঘাট বাজারে মাইক্রোবাস থেকে নেমে ৯-১০ জনের সংঘবদ্ধ দল হামলা করে ব্যবসায়ী নাজমুল হাসানের উপর। এসময় তারা নাজমুল হাসানকে এলোপাতারি কুপিয়ে জখম করে ফেলে যায়।

ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঐদিন রাতে নাজমুল মারা যান। নিহত নাজমুল কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুস মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহত ব্যবসায়ী নাজমুলের বড় ভাই শামছু মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় রাসেল, মাসুদ, তফজ্জুল ও তোফায়েলের নাম উল্লেখ করে মোট ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর র‍্যাব ও পুলিশের হাতে এখন পর্যন্ত আটজন গ্রেফতার হয়েছেন।  

আইনিউজ/এসডি

কমলগঞ্জে নাজমুল হত্যা : র‍্যাবের হাতে সিলেট ও যাত্রাবাড়িতে গ্রেফতার ৪

কমলগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি বিদেশ পালানোর সময় গ্রেফতার

মৃত্যুর আগে হামলাকারীদের নাম বলে গেলেন কমলগঞ্জের নাজমুল

কমলগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা : সিসিটিভি ফুটেজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়