ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ১৮ জুলাই ২০২০
আপডেট: ১৯:৫৭, ১৮ জুলাই ২০২০

কানাইঘাটের লোভাছড়ায় ৫০ কোটি টাকার পাথর জব্দ

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়ায় শনিবার এক অভিযানে এক কোটি ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন। যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। জানা গেছে, ইজারাবহির্ভূত লোভাছড়া পাথর কোয়ারি থেকে অবৈধভাবে এসব পাথর উত্তোলন করে মজুত করা হয়েছিলো।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযানে পাথর জব্দের পাশপাশি ৬৪ টি ক্রাশার মেশিন ও ৫৫টি শ্যালো ইঞ্জিন ধ্বংস করা হয় এবং ৬৭টি বল্কহেড জাহাজ বিকল করা হয়।

লোভাছড়া পাথর কোয়ারির ইজারাদার ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ। ইতোমধ্যে তার ইজারার মেয়াদ শেষ হয়েছে। তবু পলাশ অবৈধভাবে পাথর উত্তোলন অব্যাহত রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ অভিযানে জেলা প্রশাসনের পক্ষে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। তিনি জানান, জব্দ করা পাথর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে নিলাম ডেকে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পাথর উত্তোলনের বেশকিছু সরঞ্জামাদি ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ইজারার মেয়াদ পার হওয়ার পরও অবৈধভাবে পাথর উত্তোলন করে কোয়ারি এলাকাসহ লোভা নদীর তীরে মজুত করা হয়েছিল। সাম্প্রতিক পাহাড়ি ঢলে নদীর পানি বাড়ার সুযোগে পাথরগুলো পরিবহন করার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কানাইঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযানে নামেন।

লোভাছড়া পাথর কোয়ারির অবস্থান বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী লোভা নদীর অববাহিকা এলাকায়। ৪০২ দশমিক ৮৯ একর আয়তনের এই পাথর কোয়ারির ইজারার মেয়াদ শেষ হয়েছে ১৪২৬ বাংলা সনের ৩০ চৈত্র। বাংলাদেশ খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমএডি) গত ২৮ মে একটি পত্রের মাধ্যমে পাথর কোয়ারির ইজারার মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি কানাইঘাট উপজেলা প্রশাসনকে জানায়।

এর আগে ১৪ জুলাই সুরমা নদীর তীরে অবৈধভাবে মজুত করা পাথর জব্দ করা হয়। প্রকাশ্যে নিলাম ডাকের মাধ্যমে সেই পাথর ৯৪ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। একইভাবে ৯ জুলাই কোম্পানীগঞ্জের ধলাই নদের তীরে অবৈধভাবে মজুত করা ৯ লাখ টাকার পাথর জব্দ করে বিক্রি করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়