ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৭, ২৩ জুলাই ২০২০

বিশ্বনাথে বন্যায় বিপর্যস্ত জনজীবন

দুই দফা বন্যার রেশ কেটে উঠার আগেই ফের বন্যার মুখে পড়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলা। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। এছাড়াও পানির স্রোতে মানুষের বসতভিটা এবং কাঁচা ঘরে এখন ভাঙ্গনের কবলে। পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে তৃতীয় দফায় প্লাবিত হয়েছে উপজেলার নিম্নাঞ্চল। 

ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে  রাস্তা-ঘাট, বীজতলা, ফসলি জমি, সবজি ক্ষেত, ভেসে গেছে মৎস্য খামার ও পুকুরের মাছ।

এর মধ্যে ফের পানি বৃদ্ধি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা সৃষ্টি করেছে জনমনে।  চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দি প্রায় ১৫ হাজার মানুষকে।

বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন উপজেলার লামাকাজি ইউনিয়নের বাসিন্দারা। সুরমা নদীর পার্শ্ববর্তী হওয়ায় বার বার বন্যার পানি সহজেই প্রবেশ করে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে। সম্প্রতি পানি বৃদ্ধি পাওয়ায় নিরাপদ আশ্রয়ে ঘর ছেড়েছেন অনেকেই। প্লাবিত হয়েছে রাস্তা-ঘাট ও দোকানপাট। ভেসে গেছে মাছের ঘের, বীজতলা ও সবজি ক্ষেত। নতুন করে পানিবন্দি হয়েছেন এ ইউনিয়নের প্রায় ৮ হাজারের অধিক মানুষ। 

একই অবস্থা পার্শ্ববর্তী ইউনিয়ন খাজাঞ্চিতেও। এ ইউনিয়নে পানিবন্দি রয়েছেন প্রায় ৫ হাজারের অধিক মানুষ। ঝুঁকির মুখে পড়েছে ইউনিয়ন দিয়ে যাওয়া রেললাইন 'ছাতক-সিলেট' রেলপথ। এছাড়াও উপজেলার অলংকারি ও দশঘর ইউনিয়নেও নতুন করে বন্যার পানি প্রবেশ করেছে।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান  বলেন, সার্বিক বন্যা পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। পানিবন্দিদের মধ্যে শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

আইনিউজ/টিএ

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়