ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৮, ২৬ জুলাই ২০২০
আপডেট: ২০:৩৪, ২৬ জুলাই ২০২০

বার্ষিক কর্মসম্পাদনে সারা দেশে প্রথম সিলেট সিটি কর্পোরেশন

বার্ষিক কর্মসম্পাদনে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম হয়েছে সিলেট সিটি কর্পোরেশন। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ২৪ টি দপ্তর ও সংস্থার মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে সিসিক। 

রোববার(২৬ জুলাই) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের উপস্থিতিতে, মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন ২০১৮-২০১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কাজের অগ্রগতি মূল্যায়নের এই ফলাফল ঘোষনা দেন।

সেখানে বলা হয়, সিসিক সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম স্থান লাভ করে। আর মন্ত্রনালয়ের ২৪ টি দপ্তর ও সংস্থার মধ্যে তৃতীয় স্থান অর্জন করে সিলেট সিটি কর্পোরেশন।

এই ভিডিও কনফারেন্সে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে যুক্ত থেকে সিসিকের পক্ষে ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী।

তাছাড়া এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আলম ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস।

এমন সাফল্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিসিকের তুলনামূলক অগ্রগতি ও উন্নয়ন নগরবাসীর সহযোগিতায় সম্ভব হয়েছে। নাগরিকদের সার্বিক সহযোগিতায় ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের পুরস্কার হিসাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এ স্বীকৃতি দিয়েছেন।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধরী বলেন, সিসিকের এই উন্নয়ন সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল কর্মকর্তা কর্মচারী নিরলসভাবে কাজ করছেন। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২০-২০২১ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করা হয়েছে। মন্ত্রনালয়ের দিক নিদের্শনায় এ চুক্তির বাস্তবায়নে ২০১৮-২০১৯ অর্থবছরের মতো সিসিক সফল হবে বলেই প্রত্যাশা করেন তিনি।

ই-নথি কার্যক্রমে সিলেট সিটি কর্পোরেশন একাধিকবার প্রথম স্থানে থাকলেও দেশের সবকটি সিটি কর্পোরেশনের মধ্যে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। সিসিকের নিজস্ব ল্যাবে কর্মকর্তা কর্মচারীদের নিয়মিতভাবেই ই-নথি সংক্রান্ত প্রশিক্ষন দেয়া হয়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়