ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ১৫ নভেম্বর ২০২০

রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা সাইদুর রিমান্ডে

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ মারা যাওয়া রায়হান আহমদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা শেখ সাইদুর রহমানকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

একটি প্রতারণা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ উজ জামান।

আজ (রবিবার) দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে পিবিআই শেখ সাইদুর রহমানকে আদালতে তুলে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ অক্টোবর সকালে শেখ সাইদুর রহমানকে আটক করে পিবিআই কার্যালয়ে নিয়ে আসা হয়। তার পরদিন বিকালে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত ২ নভেম্বর শেখ সাইদুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সৌদি রিয়াল দিয়ে প্রতারণার অভিযোগে এনে সাইদুরের বিরুদ্ধে মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন প্রাইভেটকার চালক নগরীর লন্ডনি রোডের বাসিন্দা আফজাল হোসেন আলাল।

এ মামলায় সাইদুরকে রিমান্ডে নিয়েছে পিবিআই।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর মধ্যরাতে রাতে শেখ সাইদুর রহমান বন্দরবাজার এলাকার একটি রেস্টুরেন্টে থাকা কয়েকজন পুলিশ সদস্যকে জানান তিনি কাষ্টঘর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। তার অভিযোগ পেয়ে রাত আড়াইটার দিকে কাষ্টঘর থেকে রায়হানকে তুলে নিয়ে আসে পুলিশ। এরপর তাকে পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন চালানো হয়।

পরে ১১ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে নগরীর নেহারিপাড়া মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কারনো হয়। সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে মারা যান রায়হান।

এ ঘটনায় রায়হানের স্ত্রী হত্যা ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা দায়ের করেন। এরপর বন্দর বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়