ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৩, ১৬ নভেম্বর ২০২০
আপডেট: ২৩:২০, ১৬ নভেম্বর ২০২০

সাকিবকে হত্যার হুমকি: কে এই মহসিন তালুকদার?

সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়া মহসীন

সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়া মহসীন

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে লাইভে এসে হত্যার হুমকি দিয়েছে এক যুবক। রোববার দিবাগত রাত ১২ টা ৭ মিনিটে লাইভে আসেন সেই যুবক। তখন দা উঁচিয়ে সাকিবকে কুপিয়ে-টুকরো করার কথা জানান।

সাকিবকে হত্যার হুমকি দেয়া সেই যুবকের নাম মহসিন তালুকদার। তার বাড়ি সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ায়। বাবার নাম আজাদ বক্স তালুকদার। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে পুলিশ তাকে খুঁজছে। 

সম্প্রতি কালীপূজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করতে কলকাতায় গিয়েছিলেন সাকিব। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar ‘ থেকে এই লাইভ ভিডিওটি প্রচার করেন।

মহসিনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা গেছে, তিনি ‘হিউম্যান রাইট ট্রাস্ট অব বাংলাদেশ’ সংগঠনে কাজ করেন। তিনি স্থানীয় হাজী আব্দুস সাত্তার হাই স্কুলের সাবেক শিক্ষার্থী।

মহসিন তালুকদার প্রথম লাইভে আসেন দিবাগত রাত ১২ টা ৭ মিনিটে। দ্বিতীয়বারের মতো লাইভে আসেন সকাল ৬ টা ৪০ মিনিটে। প্রথম ভিডিওতে সাকিবকে দা উঁচিয়ে হুমকি দেন। আর পরের ভিডিওতে সাকিবকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন। যদিও প্রথম ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে।

লাইভে তিনি বলেন, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে তারে (একটি চাপাতি প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’

এসময় সাকিবকে পাকিস্তানি ক্রিকেটারদের অনুসরণ করার কথা বলেন মহসিন। তিনি বলেন, ‘তুই কিতা পাকিস্তানের ক্রিকেটাররারে দেখছস না? তোর তো তারারে দেখা উচিৎ। তুই মুসলমানের বাচ্চা হইয়া গেছোস পূজা উদ্বোধন করাত। কলিজাত তুই অলা আঘাত দিছস। তোরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু। সবাই হুনিয়া রাখইন আমি মহসিন তালুকদার কইরাম। সাকিবরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু।’

সাকিবকে হুমকি দেয়ার সময় মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। কারো চাপে নয়, সাকিবকে সুযোগ দিতেই এই ভিডিও করেছেন বলেও জানান তিনি।

সাকিব যেনো এই ভিডিও দেখে সর্তক হয় এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রেটিদেরও সঠিক পথে চলার বার্তা পৌঁছে দেয়াই তার ভিডিও'র মূল উদ্দেশ্য। এমন কথাই বলেছিলেন তার দ্বিতীয় ভিডিওতে।

এ ব্যাপারে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শহিদ আহমদ বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এভাবে প্রকাশ্যে হুমকি অবশ্যই নিন্দনীয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, সাকিব আল হাসান বাংলাদেশ তথা বিশ্বের সম্পদ। তাকে প্রাণনাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশের সকল বাহিনী তাকে গ্রেফতারে মাঠে নেমেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়