ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১২:২৯, ৪ মার্চ ২০২১

গৃহবধূকে তার স্বামী হত্যা করেছেন বলে ভাইয়ের অভিযোগ

সিলেটের গোলাপগঞ্জে লাকি বেগম (২৩) নামের ২ সন্তানের জননীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। বুধবার (৩ মার্চ) দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় তার স্বামী দানা মিয়াকে ছুরিসহ আটক করেছে পুলিশ।

উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে ওই গৃহবধূকে তার স্বামী দানা মিয়া হত্যা করেছেন বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বুধবার দিবাগত রাতে গোলাপগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

সে আমাকে ফ্রান্স পাঠাবে বলে প্রায় ১৭ লক্ষ টাকা নিয়েছে। কিন্তু সে পাঠাতে পারেনি। আমার বোনের সাথে সব সময় খারাপ ব্যবহার করতো। -লাকি বেগমের ছোট ভাই সাগর 

অপরদিকে নিহতের চাচা আফতাব হোসেন জানান, 'বিয়ের পর থেকে ভালো চলছিল তাদের সংসার৷ গত এক বছর থেকে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এনিয়ে এক বছরের মধ্যে ৪-৫ বার বিচার হয়েছে। এক বছর থেকে আমার ভাতিজি (নিহত লাকি বেগম) আমাদের বাড়িতে আছে। শেষমেশ খুন হওয়ার আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় আমার ভাতিজির স্বামী দানা মিয়া তাদের এলাকা থেকে স্থানীয় কয়েকজন মুরব্বিকে নিয়ে আমাদের বাড়িতে এসে বিচারের মাধ্যমে সমাধান করে লাকিকে নিয়ে যায়। এদিন রাতে ও খুন হওয়ার দিন সকাল ১০ টা পর্যন্ত আমার ভাতিজিও নাতি-নাতনিদের সাথে ফোনে কথা হয়। পরে থানা থেকে কল দিয়ে বলে আমার ভাতিজিকে তার স্বামী খুন করেছে।'

এ হত্যার পেছনে আর্থিক কারণ থাকতে পারে উল্লেখ করে নিহতের চাচা জানান, আমার ছোট ভাতিজা সাগরকে ইউরোপ পাঠাবে বলে প্রায় ১৭ লক্ষ টাকা নিয়েছে দানা মিয়া। ইউরোপ পাঠাবে বলে বিভিন্ন তালবাহানা করে সময় নিয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। এতদিনে সে কিছুই করতে পারেনি। টাকার কারণেও তারা সাথে অনেক সময় ঝামেলা হয়েছে। সেই সাথে বিভিন্ন কারণে আমার ভাতিজিকে প্রায় সময় মারধর করতো সে।'

আর লাকি বেগমের ছোট ভাই সাগর বলেন, দুই-তিন বছর আগে আমার বোনকে নিয়ে সে (দানা মিয়া) সিলেটে একটি বাসায় ভাড়া থাকতো। এসময় সে এক নারীর সাথে অবৈধ মেলামেশা করছিলো। তার অপকর্ম ধরে ফেলায় আমার বোনকে আমি সবকিছু বলি। এরপর তারা সিলেট থেকে বাড়িতে চলে আসেন। এর পর সে আমাকে ফ্রান্স পাঠাবে বলে প্রায় ১৭ লক্ষ টাকা নিয়েছে। কিন্তু সে পাঠাতে পারেনি। আমার বোনের সাথে সব সময় খারাপ ব্যবহার করতো। 

নিহত লাকি বেগমের স্বজনেরা জানান, এ হত্যাকাণ্ডের সাথে দানা মিয়া ছাড়াও তার পরিবারের লোকদের সম্পৃক্ততা থাকতে পারে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দানা মিয়াকে আটক করা হয়েছে। ঘটনার দিন রাতেই নিহত লাকি বেগমের ভাই বাদী হয়ে মামলা করেছেন। হত্যাকান্ডের সাথে কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়