ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

শাহ শরীফ উদ্দিন, সিলেট

প্রকাশিত: ২১:৪৬, ৫ মার্চ ২০২১
আপডেট: ২১:৫৪, ৫ মার্চ ২০২১

সিলেটে পিঠা উৎসবের একদিন, প্রত্যাশা মঙ্গলের

পিঠাপুলির পসরা নিয়ে বসা উদ্যোক্তারা

পিঠাপুলির পসরা নিয়ে বসা উদ্যোক্তারা

শীত আসলেই পিঠা উৎসবে ভরপুর থাকে সিলেট। হরেকরকম পিঠাপুলি নিয়ে হয় উৎসব। কিন্তু সকল আয়োজনকে ছাড়িয়ে যায় শ্রুতির পিঠা উৎসব। এবারও তাই হতো হয়ত। কিন্তু মহামারী করোনার কারণে এবার নাগরিক জীবন উৎসব থেকে বঞ্চিত। এ বঞ্চনা দূর করে ঐতিহ্য ধরে রাখতে সিলেটে বন্ধের দিনে হলো পিঠা উৎসব।

সংস্কৃতি সংগঠন শ্রুতি সিলেটের আয়োজনে শুক্রবার (৫ মার্চ) সকালে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে  শুরু হওয়া উৎসব চলে রাত ৮ টা পর্যন্ত।  

'কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা' - মঙ্গলবার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বানে চলা এ উৎসবকে ঘিরে মুখোর হয়ে উঠে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ। পরিবারের নারী-পুরুষ থেকে শুরু করে শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হয় অডিটোরিয়াম প্রাঙ্গণ।  

বাহারি পিঠার সমাহার

 উৎসবে বড়দের হাত ধরে আসা শিশুরা যেমন দেখা পান এক ঐতিহ্যের তেমনই বড়রাও সংকট কাটিয়ে যেন পিঠাপুলির স্বাদ নিতে বেশ আগ্রহী।

পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে এসেছেন স্কুল শিক্ষিকা মারিয়াম নার্গিস। কথা হয় তাঁর সাথে। বলেন, ‘সিলেটে পিঠা উৎসবের ঐতিহ্যে দীর্ঘদিনের। কিন্তু এবার মহামারির কারণে এমন উৎসব আর হয়নি। এসব উৎসব বর্তমান প্রজন্মের জন্য যেমন এক শিক্ষনীয় বার্তা তেমনই আমাদের জন্যও এক ঐতিহ্য। এসব ঐতিহ্যের মাঝে আমাদের বেঁচে থাকতে হবে।’


সকালে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেটের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উৎসব মঞ্চে দিনভর সংগীত, নৃত্য, আবৃত্তিসহ  নানা আয়োজন। যাতেঅংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

মেলায় পিঠাপ্রেমীদের ভিড়

মেলার ২০ টি স্টলে বাহারি স্বাদ ও গড়নের পিঠাপুলির পসরা নিয়ে বসেছিলেন উদ্যোক্তারা।

পিঠা উৎসবের আয়োজক সংগঠন শ্রুতি সিলেটের সংগঠক সুশান্ত গুপ্ত জানান, ‘প্রতি বছর এ আয়োজন অনেক বড় পরিসরে হলেও এবার তুলনামূলক ছোট জায়গায় এবং ছোট পরিসরে করা হয়েছে। করোনার দীর্ঘ ধকল কাটিয়ে মানুষ সৃজনশীল জীবনযাপনে পুনরায় ফিরে আসছে। ঘুরে দাঁড়ানোর এই সময়টাতে বাঙ্গালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য চর্চা ও ছড়িয়ে দিতেই এমন আয়োজন।’ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়