ঢাকা, রোববার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৬ ১৪৩৩

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৯:৫৮, ১৭ মার্চ ২০২৬

অভিনেতা শামস সুমন মারা গেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সুজাত শিমুল।

জানা গেছে, বিকেল পাঁচটার কিছু পর হঠাৎ অসুস্থ বোধ করেন শামস সুমন। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি সহকর্মী অভিনেতা শাহাদৎ হোসেনকে বিষয়টি জানান। পরে দ্রুত তাঁকে ঢাকার গ্রিন রোড এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সুজাত শিমুল জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে তারা জেনেছেন—কার্ডিয়াক অ্যারেস্টই ছিল মৃত্যুর প্রধান কারণ।

অভিনয়জগতে শামস সুমন ছিলেন এক পরিচিত মুখ। মঞ্চনাটক দিয়ে শুরু হলেও পরবর্তীতে টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই সমান দক্ষতায় কাজ করেছেন তিনি। একসময় নাটকে নিয়মিত উপস্থিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে পর্দায় তাঁর উপস্থিতি কমে যায়।

চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনি’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ এবং ‘হ্যালো অমিত’।

২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, যা তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত।

পেশাগত জীবনে অভিনয়ের পাশাপাশি তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শামস সুমনের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তদের কাছে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আরো পড়ুনঃ  প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন এম নাসির উদ্দিন

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়