Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৮, ৩১ জানুয়ারি ২০২৬

ম্যাজিক বাউলিয়ানা ২০২৫

বিজয়ী সোহাগ নূরীর হাতে ৫ লাখ টাকা, বাকিরা পেলেন কত?

মেহজাবিন মোবাশ্বেরা ও সোহাগ নূরী ও এনামুল হক মধু। ছবি: সংগৃহীত

মেহজাবিন মোবাশ্বেরা ও সোহাগ নূরী ও এনামুল হক মধু। ছবি: সংগৃহীত

বাংলার লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজিত রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজনে। প্রায় ৪০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে কঠিন বাছাই প্রক্রিয়া পেরিয়ে সেরা পাঁচে জায়গা করে নেন পাঁচ প্রতিযোগী। চূড়ান্ত লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন গাজীপুরের সোহাগ নূরী।

শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার এইজিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে চ্যাম্পিয়নসহ অন্যান্য বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে প্রথম রানার-আপ হয়েছেন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন নওগাঁর এনামুল হক মধু। সেরা পাঁচের অপর দুই প্রতিযোগী হলেন চুয়াডাঙ্গার রজনী খাতুন ও গোপালগঞ্জের আঁখি আক্তার ঝর্ণা।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন সোহাগ নূরী পেয়েছেন ৫ লাখ টাকার চেক। প্রথম রানার-আপ মেহজাবিন মোবাশ্বেরা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার-আপ এনামুল হক মধু পেয়েছেন ২ লাখ টাকার চেক। সেরা পাঁচের বাকি দুই প্রতিযোগী প্রত্যেকে বিশেষ উৎসাহ পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকা করে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিযোগিতার তিন বিচারক বাউল শফি মন্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ এবং মিডিয়াকম লিমিটেড-এর সিইও ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু।

অনুষ্ঠানের শুরুতেই সেরা ১০ প্রতিযোগীর কণ্ঠে থিম সং পরিবেশনা পুরো মঞ্চকে করে তোলে প্রাণবন্ত। পরে একে একে সেরা পাঁচ প্রতিযোগী আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা, রজনী খাতুন, এনামুল হক মধু ও সোহাগ নূরী নিজেদের পরিবেশনায় মঞ্চ মাতান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ বলেন, “যেকোনো দেশের সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে থাকে লোকগান। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলার লোকগানের গভীরতা ও বৈচিত্র্য এতটাই ব্যাপক যে শতবর্ষ আগের গান আজও সমান প্রাসঙ্গিক। এই ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে যারা পাশে ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর এই বিশাল আয়োজনে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে ছিল মিডিয়াকম লিমিটেড। ওয়ারড্রোব পার্টনার হিসেবে যুক্ত ছিল বিশ্বরঙ এবং পুরো আয়োজনটি সম্প্রচার করে মাছরাঙা টেলিভিশন।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়